৬৩ নং ওয়ার্ডের উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থকদের ওপর হামলায় আহত ১০
ঢাকা সিটি করপোরেশনের ৬৩ নং ওয়ার্ডের উপনির্বাচনে বুধবার ভোট গ্রহণ চলাকালে সরকার দলীয় সমর্থকদের হামলায় আওয়ামী লীগ প্রার্থীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্ষমতাসীন বিএনপির সমর্থকরা পুলিশের সহযোগিতায় পুরনো ঢাকার লালবাগ এলাকার হোসেনি দালান, বদরুন্নেছা কলেজ ও বক্সিবাজার কেন্দ্রে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। হোসেনি দালান কেন্দ্রে হামলায় কমপক্ষে ১০ জন আওয়ামী লীগ সমর্থক আহত হয়। ভোটকেন্দ্রে যাওয়ায় হামলাকারীরা মহিলা ভোটারদের গালাগাল করে।
এদিকে বেলা ১১ টায় আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হোসেন ওরফে বশন বদরুন্নেছা কলেজ কেন্দ্রে ভোট দিতে গেলে বিএনপি প্রার্থীর সমর্থকরা তাকে মারধর করে। এ ব্যাপারে তিনি বিডিনিউজকে জানান, আমার সমর্থকরা যাতে ভোট না দিতে পারে সেজন্য বিএনপির সন্ত্রাসীরা পুলিশের সহযোগিতায় এই হামলা চালায়। তিনি অভিযোগ করেন, সকাল ৯ টার মধ্যেই আমার প্রতিনিধিদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। তিনি এই ভোট অবৈধ বলে তা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে পুলিশ আওয়ামী লীগের কয়েকজন সমর্থককে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে লালবাগ থানার এসআই সেকেন্দার আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভোট চলাকালে যারা সমস্যা সৃষ্টি করতে চেষ্টা করছিল তাদের পুলিশ গ্রেফতার করেছে।
