২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলা থেকে অব্যাহতি পেলেন সাবের হোসেন চৌধুরী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে সশস্ত্র হামলার অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 06:12 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

বুধবার জেলা ম্যাজিস্ট্রেট আদালত ১৭ জুন ২০০১ সালে সাভারে ওই হামলার ঘটনায় সাবের হোসেন চৌধুরীর জড়িত থাকার অভিযোগ খারিজ করে দেন।

ঘটনার ১৪ মাস পর ২০০২ সালের আগস্টে এ মামলাটি দায়ের করা হয়। মামলার বাদি জনৈক কফিল উদ্দিন দায়ের করা এফআইআর’এ কারও নাম উল্লেখ করা হয়নি।

অপারেশন ক্লিনহার্ট চলাকালে ২০ অক্টোবর ২০০২ তারিখে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরীকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে সাভারে প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়।

পরবর্তীকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ১৪৭, ১৪৮, ১৪৯, ৩৪১ এবং ৫০৬ ধারায় সাবের হোসেন চৌধুরীকে প্রধান আসামী করে অভিযোগ দায়ের করে।

একই মামলায় সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, সাভারের সাবেক সংসদ সদস্য প্রার্থী মুরাদ জংসহ ৪৩ জন আওয়ামী লীগ নেতাকে আসামী করা হয়।

মামলার প্রধান আসামী সাবের হোসেন চৌধুরী আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে অব্যাহতি লাভের জন্য আদালতের একটি আবেদন দায়ের করেন। আবেদনে তিনি মামলাটিকে মিথ্যা ও প্রতিহিংসাপরায়ণ এবং রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে বলে অভিযোগ করেন। আবেদনে তিনি আরও বলেন, ঘটনার দিন তিনি দেশে ছিলেন না।

১৩ জুন তিনি ওমরা পালনের জন্য ঢাকা ত্যাগ করেন এবং ১৭-১৯ জুন পর্যন্ত তিনি বিসিবির সভাপতি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলে যোগদানের জন্য লন্ডনে অবস্থান করছিলেন। পরে তিনি ২৩ জুন ২০০১ তারিখে ঢাকায় ফিরে আসেন।

সাবের চৌধুরীর আইনজীবী আদালতে এ সংক্রান্ত যাবতীয় তথ্যপ্রমাণ উপস্থাপন করলে ম্যাজিস্ট্রেট দেলোয়ারা বেগম মামলা থেকে অব্যাহতির আবেদন গ্রহণ করেন।

এ ব্যাপারে সাবের হোসেন চৌধুরীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি এ মিথ্যা মামলাকে অক্টোবর ২০০১ সালের নির্বাচনের পর থেকে সারা দেশে কয়েক হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর একটি বলে উল্লেখ করেন।

উচ্চ আদালত মিথ্যা মামলায় অভিযুক্ত ৪৩ আওয়ামী লীগ নেতাকে অব্যাহতি দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অ্যাড. সাহারা খাতুন, অ্যাড. আবদুল্লাহ আবু, অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. সামিউল করিম আলমগীর সহ আরো অনেকে সাবের হোসেনের পক্ষে মামলা পরিচালনা করেন।