পাটবীজ সংকট মেটাতে বীজ আমদানির সিদ্ধাস্ত নিয়েছে সরকার
দেশে পাটবীজের সংকট মেটাতে উন্নত পাটবীজ আমদানির সিদ্ধাস্ত নিয়েছে সরকার। গত বন্যায় পাট উৎপাদন কম হওয়ায় এ সংকট দেখা দেয়।
বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে পাটবীজ সংকট সংক্রান্ত সাংবদিক সম্মেলনে পাট ও বস্ত্র মস্ত্রী শাজাহান সিরাজ এ তথ্য জানান।
এ সময় মন্ত্রণালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ হায়দার আলী, পাটকল করপোরেশনের মহাপরিচালক ইফতেখার-ই-আলম ও প্রধান তথ্য কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, কৃষকরা এখন তাদের উৎপাদিত পাটের ন্যায্য মূল্য পাচ্ছে। একারণে তারা পাট চাষে বেশী আগ্রহী। দেশে উৎপাদিত দেশী ও তোষা জাতের মধ্যে তোষা পাটের বীজ প্রতি বছর স্থানীয় বিএডিসির মাধ্যমে কৃষকদের ১৫ থেকে ১৬ ভাগ চাহিদা পুরণ করে থাকে। এছাড়া পাট অধিদপ্তরের উফশী প্রকল্পের মাধ্যমে উৎপাদিত কিছু পরিমাণ বীজ কৃষকদের চাহিদা পূরণ করে।
এ ছাড়া বাকি বীজ সরকার ভারত থেকে আমদানি করে কৃষকদের চাহিদা পূরণ করে থাকে ।
তিনি আরও বলেন, বিগত বন্যায় ভারতেও পাট উৎপাদন কম হওয়ায় সেখানেও বীজের সংকট চলছে।
বাংলাদেশে এবার ভারতের পরিবর্তে চীন, থাইল্যান্ডসহ অন্যান্য দেশ থেকে ভাল পাটবীজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।
বর্তমানে দেশে প্রায় ১১ লাখ একর জমিতে পাট চাষ করা হয়। এবার দেশী ও তোষা পাটের ৪,২০০ মে.টন বীজ সংকট চলছে।
চলতি বছরে সরকার ১,৩০০ মে.টন তোষা পাটবীজ আমদানির অনুমতি দিয়েছে এবং এপর্যন্ত ৬৭৭ মে:টন আমদানি করা হয়েছে।
