২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএইচআরসি বাংলাদেশকে বিচারহীন আতঙ্কের দেশ হিসেবে চিহ্নিত করেছে

বিচার বহির্ভূত হত্যা ও পুলিশী নির্যাতন বন্ধ করার জন্য দেশের সরকারের প্রতি এশিয়ান হিউম্যান রাইটস কমিশন (এএইচআরসি) আহ্বান জানিয়েছে। কমিশন দেশের পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাবার জন্য প্রধান রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকারাবদ্ধ হবার কথা বলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 08:12 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

এএইচআরসি বৃহস্পতিবার এক বিবৃতিতে উল্লেখ করে, আমরা সরকার ও প্রধান রাজনৈতিক দলগুলোকে নির্যাতনকে গুরুতর দ-নীয় অপরাধ হিসেবে বিবেচনার জন্য একমত হওয়ার ব্যাপারে বিশেষভাবে আহ্বান জানিয়েছি এবং এজন্য অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতো একটি বিশেষ তদন্ত ইউনিট গঠনের ব্যাপারেও দাবি জানিয়েছি।

এএইচআরসি বিচারবহির্ভূত সকল হত্যা, নির্যাতন, জোর করে টাকা আদায়ের অভিযোগের দ্রুত ও কার্যকর তদন্ত এবং একটি মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা ও নির্যাতন অপরাধ সনদ থেকে ১৪ ধারা অপসারণ এবং এসব কারণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যাপারেও আহ্বান জানায়।

কমিশন ‘ক্রসফায়ার’ ও ‘র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’ এই দুই বিষয়কে সাধারণ মানুষের ভীতির কারণ হিসেবে উল্লেখ করেছে। এ ব্যাপারে বলা হয়েছে, বিচার বর্হিভূত হত্যার মুখে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। যে কারণে মানুষ মনে করে যে কেউ যেকোনও সময় হত্যার শিকার হতে পারে।

এএইচআরসি’র বিবৃতিতে বলা হয়েছে, র‌্যাবের অপারেশনের আগে দেশে ও বিদেশে বিরূপ সমালোচনার কারণে অপারেশন ক্লিন হার্ট বন্ধ করে নেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, র‌্যাবের দায়িত্ব ছিল রাজনৈতিক কারণে গ্রেফতারের ক্ষেত্রে সমস্যা রয়েছে এমন আসামীদের বিচারের জন্য আদালতে কাছে সোপর্দ করতে পুলিশকে সহায়তা করা।

কমিশন আরও বলেছে, অভিযোগ গঠনের জন্য বাংলাদেশের সাধারণ নাগরিকদের কোনও বৈধ উপায় জানা নেই।

কমিশন আরও জানায়, বাংলাদেশ যেহেতু সিএটি এবং আইসিসিপিআর অনুমোদন করেছে তাদের রয়েছে কিছু আন্তর্জাতিক দায়দায়িত্ব। কিন্তু বাংলাদেশ আর্ন্তুজাতিক বাধ্যবাধকতা অনুসারে স্থানীয় আইন সংস্কারের কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

এএইচআরসি বিবৃতিতে আরও বলা হয় যে, দুর্নীতিপরায়ন পুলিশ প্রশাসন সরকারের কাছ থেকে ক্রমাগত অব্যাহতি পাবার কারণে র‌্যাব সহ সকল আইন শৃংখলা রক্ষা বাহিনী আইনের ঊর্দ্ধে থেকে আচরণ করছে।

র‌্যাবের ক্ষমতা অপব্যবহারের একটি উদাহরণ টেনে বিবৃতিতে বলা হয়, এক মিলিয়ন টাকা প্রদান না করায় এক শিল্পপতিকে অপরাধ মামলায় অভিযুক্ত করে এবং তার ওপর নির্যাতন চালায়। পরে ক্রস ফায়ারে মারার হুমকি দিলে তিনি তিন লাখ টাকা প্রদান করতে বাধ্য হয়।