২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশ-শ্রমিক সংঘর্ষ: নিহত ১, আহত ১০০

বন্দর নগরীর ডবলমুরিং থানার মাঝিরঘাট এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও শ্রমিকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও ১০ পুলিশসহ শতাধিক আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 09:06 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

গুরুতর আহত এসআই সিরাজ এবং কনস্টেবল নুরুল করিম এবং ফরহাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে কমপক্ষে ৫০ রাউন্ড গুলি ছুড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় পুরো ঘাট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

উত্তেজিত জনতা সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের একটি পিকআপ ভ্যান জ্বালিয়ে দেয়। পরে দমকল কর্মীরা এসে আগুন নিভালেও গাড়িটি ভস্মীভূত হয়ে যায়।

এসি ডিবি, চট্টগ্রাম, গাজী জসিম উদ্দিন গুলিবর্ষণের কথা স্বীকার করে বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তারা ২০ রাউন্ড গুলি ছুঁড়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডবলমুরিং থানার পুলিশ ঐ এলাকার আওয়ামী লবন শ্রমিক লীগের নেতা মাহবুবুল হক (৪০) কে গ্রেপ্তার করতে যায়। এ সময় পুরো এলাকা ক্ষোভে ফুসে ওঠে। শ্রমিকরা গ্রেপ্তারে বাধা দেয় ও প্রতিবাদ জানায়। তর্ক বিতর্কের এক পর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

উত্তেজিত জনতাকে সামলাতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে। এ সময় ঘাট শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ছুঁড়ে। অবস্থার অবনতি ঘটলে পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় শাহজাহান (৪০) নামের এক ঘাট শ্রমিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের পক্ষ থেকেও পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।

লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।