২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিএন্ডটি মোবাইল ফরম বিক্রির প্রথম দিনে পুলিশের লাঠিচার্জে ২০ জন আহত

টিএন্ডটির মোবাইল ফোনের ফরম বিক্রির প্রথম দিনটি সুখকর হলো না সম্ভাব্য গ্রাহকদের জন্য। ফরম কিনতে গিয়ে বৃহস্পতিবার রাজধানীতে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে ২০ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

হাজার হাজার মানুষ রাষ্ট্র নিয়ন্ত্রিত মোবাইল ফোনের ফরম না পেয়ে রাজধানীতে বিটিটিবির নির্ধারিত অফিস ও বেসিক ব্যাংকের বিভিন্ন শাখার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তারা কিছু ব্যাংকের জানালা ও সাইনবোর্ড ভাংচুর করে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিটিটিবি মোবাইল ফোনের মাত্র তিন হাজার ফরমের জন্য বিটিটিবির নির্ধারিত অফিস ও বেসিক ব্যাংকের নির্ধারিত শাখাগুলোতে হাজার হাজার মানুষ সকাল থেকেই লাইনে দাঁড়ায়। রাজধানীর প্রত্যেকটি বুথ থেকে মাত্র একশ থেকে দুশটি ফরম বিতরণ করা হয়।

বিটিটিবির প্রকল্প পরিচালক মোহাম্মদ ওবায়দুল্লাহ বিডিনিউজকে জানান, ‘আমরা প্রস্তুত ছিলাম না। আমরা ভাবতেও পারিনি, টিএন্ডটির মোবাইল ফরমের জন্য এত মানুষ ভিড় করবে। তিনি দু:খ প্রকাশ করে বলেন, জনগণের চাহিদা মেটানোর জন্য শনিবার রাজধানীর নির্ধারিত বুথগুলোর মাধ্যমে দশ হাজার ফরম বিতরণ করা হবে।

জনগণের ক্রোধ এড়াতে বেসিক ব্যাংকের বিভিন্ন শাখা ও বিটিটিবির আঞ্চলিক অফিসসমূহের কর্মকর্তারা তাদের অফিস তালাবন্ধ করে রাখে।

নগরীর বিভিন্ন বুথ পরিদর্শনকালে দেখা যায়, বিটিটিবি ও বেসিক ব্যাংকের নির্ধারিত শাখার আশপাশে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

সম্ভাব্য ফরম ক্রেতাদের কেউ কেউ অভিযোগ করে বলেন, পুলিশকে ঘুষ দিয়ে তারা ফরম জোগাড় করেছে। তারা আরও বলেন, সংশ্লিষ্ট বিটিটিবি অফিস ও বেসিক ব্যাংক শাখার কর্মকর্তারা আগে থেকেই বেশিরভাগ ফরম সরিয়ে নিয়েছেন।

বেসিক ব্যাংকের রমনা শাখা থেকে বিটিটিবির মোবাইল ফরম কিনে নজরুল বিডিনিউজ’র সাথে অভিজ্ঞতা বিনিময় করতে গিয়ে বলেন, আমি ফরম কেনার জন্য ভোর ৪টায় ব্যাংকের সামনে এসে দুপুর দেড়টায় একটি ফরম পাই, তবে এর জন্য আমাকে পাঁচশ টাকা ঘুষ দিতে হয়।

বেসিক ব্যাংকের রমনা শাখার কর্মকর্তারা জানান, সামান্য কয়টি ফরমের বিপরীতে এত মানুষের ভিড় দেখে দুপুর ১২টা পর্যন্ত তারা ফরম বিক্রির কাউন্টার খোলার সাহস দেখাতে পারেনি।

বেসিক ব্যাংকের শের-ই-বাংলা নগর শাখার সামনে জড়ো হওয়া সরকারি মোবাইল ফোনের সম্ভাব্য গ্রাহকরা বিটিটিবি ও টেলটকের সমালোচনা করে বলেন, বিপুল চাহিদা থাকা সত্ত্বেও তারা খুবই অল্প সংখ্যক ফরম বাজারে ছেড়েছে।

বেসিক ব্যাংকের রমনা শাখার সামনে দায়িত্বপালনরত পুলিশ অফিসার মহসিন বিডিনিউজকে জানান, ফরম শেষ হয়েছে বলার পরও ফরম কেনার জন্য আসা বিক্ষুব্ধ জনগণ স্থান ত্যাগ করেনি। তাই, আমরা তাদের ওপর লাঠিচার্জ করতে বাধ্য হই। পুলিশের লাঠিচার্জে আহত রেহান উদ্দিন বলেন, তারপরও আমি খুশী, আমি একটি ফরম পেয়েছি।

গ্রাহকদের নগরীর বেসিক ব্যাংকের রমনা, শের-ই-বাংলা নগর, গুলশান ও উত্তরা শাখা থেকে সংযোগ দেওয়া হবে। এছাড়াও রমনা ও শের-ই-বাংলা নগরে বিটিটিবি’র সাতটি কার্যালয় এবং উত্তরা, মগবাজার, নীলক্ষেত, গুলশান ও  শের-ই-বাংলা নগরে অবস্থিত বিটিটিবি’র বিভাগীয় প্রকৌশল দপ্তর থেকেও সংযোগ দেওয়া হবে।

বিটিটিবি’র প্রি-পেইড মোবাইল সংযোগের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮ শ টাকা এবং ক্রয়ের সাতদিনের মধ্যে মোবাইল সংযোগ সক্রিয় হবে। তবে সংযোগের জন্য গ্রাহকদের আলাদাভাবে হ্যাণ্ডসেট কিনতে হবে।

বিটিটিবি’র প্রকল্প পরিচালক মোহাম্মদ ওবায়দুল¬াহ বিডিনিউজকে জানান, ৫৫ দিনের জন্য ৩০০ টাকার কলিং কার্ডসহ টেলটকের প্রি-পেইড সংযোগের দাম পড়বে ১৮ শত টাকা।

টেলটক থেকে টেলটকের অপর গ্রাহক এবং টেলটক থেকে অন্যান্য কোম্পানির মোবাইলে প্রতি মিনিট কলের  জন্য চার্জ ধরা হয়েছে পিক আওয়ারে (সকাল ৮ টা থেকে রাত ৮ টা ) তিন টাকা ৬০ পয়সা, অফ পিক আওয়ারে (রাত ৮ টা থেকে ১২ টা পর্যন্ত এবং সকাল ৬ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত) দু টাকা ৪০ পয়সা ও সুপার অফ পিক আওয়ারে (রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত) ৬০ পয়সা।

তবে সুপার অফ পিক আওয়ারে টেলটক থেকে অন্য কোম্পানির মোবাইল ফোনে প্রতিমিনিট কল চার্জ ধরা হয়েছে এক টাকা। প্রতিটি সংক্ষিপ্ত মেসেজের জন্য চার্জ পড়বে এক টাকা।

বিটিটিবি মোবাইল গ্রাহকদের টিএন্ডটি ইনকামিং ও আউটগোয়িং কলের সুবিধা দেবে। বিটিটিবির ল্যান্ড ফোন থেকে মোবাইলে ইনকামিং কল আসলে তার জন্য কোনও চার্জ প্রদান করতে হবে না।