২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীদের গুলিতে নরসিংদীতে ঠিকাদার নিহত

নরসিংদীতে মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের এলোপাথাড়ি চাপাতির কোপ ও গুলিতে মনিরজ্জামান মনির (৪৫) নামে একজন ঠিকাদার নিহত ও অপর তিন ব্যক্তি আহত হয়েছে। জেলার রায়পুরা উপজেলার বারৈচা-রায়পুরা সড়কের শিবপুরে এ ঘটনা ঘটে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 02:50 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের মনোহরপুর গ্রামের আবদুল মান্নাফের পুত্র ঠিকাদার মনির তার বন্ধু মোজাফফর (৪৬), বাছেদ (৩৭) ও পলাশকে(৩৫) নিয়ে ঢাকা থেকে একটি টেক্সিক্যাব (ঢাকা মেট্রো -প - ১১-৩৬১২)  যোগে নিজ বাড়ি মনোহরপুর ফিরছিল। ফেরার পথে শিবপুর পৌঁছলে ১০/১২ জন সন্ত্রাসী টেক্সিক্যাবের গতিরোধ করে দাঁড়ায়। প্রথমে সন্ত্রাসীরা চাপাতি দিয়ে আরোহীদের কুপিয়ে আহত করে নগদ টাকা, ঘড়ি, আংটি, মোবাইল ফোন লুটে নেয়। পরে সন্ত্রাসীরা ঠিকাদার মনিরুজ্জামান মনিরকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহতদের স্থানীয় জনগণ উদ্ধার করে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। টেক্সিক্যাবের চালক পলাতক আছে। তবে ক্যাবটি পুলিশ আটক করেছে।

মনিরের লাশ ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।