গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে নেপালে সাংবাদিকদের র্যালি
দ্রুত গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংবাদপত্রের স্বাধীনতার দাবিতে হিমালয় রাজ্য নেপালে মঙ্গলবার সাংবাদিকরা মৌন র্যালি নিয়ে রাস্তায় নেমে আসে।
ফেব্র“য়ারির ১ তারিখে রাজা জ্ঞানেন্দ্র নেপালে জরুরী অবস্থা ঘোষণার প্রেক্ষাপটে নাগরিক স্বাধীনতা এবং সংবাদপত্রের ওপর কড়াকড়ি আরোপের পর প্রথমবারের মতো সাংবাদিকরা রাস্তায় নামে।
দ্রুত সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া এবং জরুরী অবস্থা প্রত্যাহারের দাবি সম্বলিত প্লেকার্ড ও ব্যানার নিয়ে প্রায় ৩৫০ জন সাংবাদিক এবং মানবাধিকার কর্মী কাঠমান্ডুর রাস্তায় নেমে আসে। এ সময়ে তাদের সাথে প্রচুর পুলিশ থাকলেও র্যালিতে কোন রকম ঝামেলা হয়নি।
ফেডারেশন অব নেপাল জার্নালিষ্ট’র (এফএনজে) পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে এ র্যালির আয়োজন করা হয়। রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতা হাতে নেওয়ার পর নেপালে এ ধরনের র্যালি আযোজন নিষিদ্ধ করা হয়।
কিন্তু কাঠমাণ্ডুর পশ্চিমে নোয়াকট জেলায় এ ধরনের অপর একটি র্যালি আয়োজনে পুলিশ বাধা দেয় বলে জানা গেছে।
এ সময়ে এফএনজি জেলা শাখার প্রধান বিশ্বমিত্রা খানালসহ ছয় সাংবাদিককে সাময়িকভাবে আটক রাখা হয়। এছাড়াও পুলিশ সাংবাদিকদের হাতে থাকা ‘সকল আটক সাংবাদিকের মুক্তি’, ‘সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে’ এবং ‘সংবাদপত্রের ওপর থেকে সেন্সরশীপ তুলে নিতে হবে’ সংক্রান্ত লেখা ব্যানার কেড়ে নেয়।
এক বিবৃতিতে এফএনজে সভাপতি তারা নাথ দাহাল বলেন, গণতন্ত্রের অভাবে নেপালে মিডিয়ার সকল অগ্রগতি ও অর্জন মুছে যাবে।
তিনি বলেন, রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতা হাতে নেওয়ার পর থেকে অনেক সাংবাদিক তাদের পেশা ছেড়ে দিয়েছেন। অনেকে আণ্ডারগ্রাউণ্ডে এবং কেউ কেউ নির্বাসনে চলে গেছেন।
নেপালে এখনো কমপক্ষে ১২জন সাংবাদিক আটক রয়েছে। প্রশাসন মিডিয়াকে ইতোমধ্যেই সতর্ক করে দিয়েছে যে, রাজ ক্ষমতার পরিপন্থি কোনও কিছু লেখা বা প্রকাশ করা যাবে না।
রাজা জ্ঞানেন্দে’র ক্ষমতা দখল আন্তর্জাতিকভাবে সমালোচনার শিকার হয়েছে এবং জরুরী অবস্থা প্রত্যাহার, নাগরিক ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
