মানিকগঞ্জে ছাত্রের লাশ উদ্ধার
নিখোঁজ হওয়ার তিন দিন পর দৌলতপুর থানা পুলিশ মঙ্গলবার একটি ব্রীজের নিচ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রের লাশ ও একটি মোটর সাইকেল উদ্ধার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার সন্ধ্যায় দৌলতপুর উপজেলার কাকনা গ্রামের শুকুর আলীর পুত্র ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র আরিফকে (২২) তার প্রতিবেশী বন্ধু লিংকন ও আলতাফ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি।
পুলিশ মঙ্গলবার উপজেলার উলাইল গ্রামের একটি ব্রীজের নিচ থেকে আরিফের লাশ ও একটি মোটর সাইকেল উদ্ধার করে।
ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড না সড়ক দুর্ঘটনা পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। এব্যাপারে দৌলতপুর থানায় একটি ইইউডি মামলা হয়েছে।
