ভুয়া জন্ম তারিখের কারণে বেতারের বার্তা পরিচালক অপসারিত
সুপ্রিম কোর্টের এক আদেশের পরিপ্রেক্ষিতে সরকার বাংলাদেশ বেতারের বার্তা পরিচালক ইমাম হোসেন খানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। তার এ অপসারণের আদেশ দুই বছর পূর্ব থেকে কার্যকর হবে।
গত ২৭ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ ফেব্র“য়ারি ২০০৩ থেকে তার এ অপসারণ আদেশ কার্যকর হবে এবং ওই তারিখে তার বয়স ৫৭ ধরা হবে।
সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশন ১৬ ফেব্র“য়ারি ২০০৫ তারিখ বার্তা পরিচালক ইমাম হোসেন খানের জন্ম ১৮ ফেব্র“য়ারি ১৯৪৬ এবং অবসর ১৭ ফেব্র“য়ারি ২০০৩ নির্ধারণ করে এক রায় প্রদান করে।
বার্তা পরিচালক ইমাম হোসেন খান ২০০৩ সালে তার অবসরের মেয়াদ পূর্ণ হওয়ার আগে একটি ভুয়া এসএসসি সনদপত্র সরবরাহ করে তার চাকরির মেয়াদ চার বছরেরও বেশি সময় বাড়িয়ে নেন। এই সনদপত্রে তার জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৫০ হিসেবে দেখানো হয়।
বাংলাদেশ বেতারের তিন জন আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক- নজরুল ইসলাম, বদরুল আলম ও হোসনে আরা তালুকদার তার জন্ম তারিখ চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন দায়ের করেন। রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট বাংলাদেশ বেতারের তৎকালীন মহাপরিচালককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত শেষে ইমাম হোসেন খানের জন্মতারিখ ১৮ ফেব্র“য়ারি ১৯৪৬ বলে কমিটি রিপোর্ট প্রদান করে এবং তথ্য মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে।
ইমাম হোসেন খান কমিটির এই রিপোর্টকে চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন দায়ের করলে হাইকোর্ট তার এ আবেদন খারিজ করে দেয়। ইমাম হোসেন তখন আপিলেট ডিভিশনে একটি লিভ টু আপিল দায়ের করেন।
বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেনকে প্রধান করে আপিলেট ডিভিশনের একটি বেঞ্চ এ বছরের ১৬ ফেব্র“য়ারি মহাপরিচালকের রিপোর্ট বহাল রেখে ইমাম হোসেনের লিভ টু আপিল খারিজ করে দেন।
রায়ের এক মাস পরও মন্ত্রণালয় আদালতের রায কার্যকর না করায় ২৪ মার্চ অভিযোগকারীগণ তথ্য মন্ত্রণালয়কে রায় কার্যকর করার ব্যাপারে লিগ্যাল নোটিশ প্রদান করে।
