পুলিশ সার্জেন্ট আরিফ হত্যা মামলায় ৪ জনের ফাঁসি
খুলনার চাঞ্চল্যকর পুলিশ সার্জেন্ট আরিফুল ইসলাম আরিফ হত্যা মামলার রায়ে চার জনের ফাঁসি ও একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সোমবার খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম ইশতিয়াক হোসাইন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- নগরীর তারাপদ দাসের ছেলে হরিপদ দাস ওরফে হরি, মৌজে আলীর ছেলে সিরাজুল ইসলাম ওরফে সিরাজ, আশরাফ শেখের ছেলে আব্দুর রব এবং শাহজাহান আলীর ছেলে মিলন। অপর আসামী সুজন রহমানের বয়স কম হওয়ায় ১৪ মার্চ জুভেনাইল কোর্ট তাকে কিশোর অপরাধ আইনের আওতায় ১০ বছর কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রে রাখার রায় দেয়।
অন্যদিকে আসামী আবুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলার সাজাপ্রাপ্ত আসামী মিলন পলাতক থাকলেও বাকিরা জেল হাজতে রয়েছে।
মামালার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ১ মার্চ রাতে নগরীর সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কর্তব্য পালনকালে সন্ত্রাসীদের বোমা হামলায় পুলিশ সার্জেন্ট আরিফ নিহত হয়।
এঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলা দায়ের করে।
মামলার তদন্ত শেষে ২০০৩ সালের ১৫ মে আদালতে ছয় জনের নামে চার্জশিট দাখিল করা হয়। পরে মামলাটি খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।
বিচার চলাকলে ২০০৪ সালের মাঝামাঝি মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে সিএমএম কোর্ট এবং সেখান থেকে ২০০৪ সালের ৬ নভেম্বর খুলনা জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়।
২৭ জনের সাক্ষ গ্রহণ শেষে সোমবার বিচারক এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভোকেট আকরাম হোসেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মঞ্জুর আহমেদ।
