২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে কৃষিঋণ বিতরণ ও আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাবনা নেই

চলতি অর্থবছরে ঝালকাঠি জেলায় কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে না। রাষ্ট্রায়ত্ত ৪টি ব্যাংক গত ৮ মাসে শতকরা মাত্র ৪৪ ভাগ ঋণ বিতরণ করতে সক্ষম হয়েছে এবং বিতরণকৃত ঋণের মাত্র শতকরা ৩৮ ভাগ টাকা আদায় হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 12:55 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

ঝালকাঠিতে চলতি বছর মোট ২৪ কোটি ৭৬ লাখ ৫৫ হাজার টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। অথচ বিতরণ হয়েছে মাত্র ১০ কোটি ৮২ লাখ ১০ হাজার টাকা। আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২২ কোটি ৯৭ লাখ ৮২ হাজার টাকা। কিন্তু আদায় হয়েছে মাত্র ৮ কোটি ৬৫ লাখ ৭ হাজার টাকা।

বাংলাদেশ কৃষি ব্যাংকের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ১৮ কোটি টাকা। এর মধ্যে ১ হাজার ৪৫২ জনের মধ্যে ৭ কোটি ৫৫ লাখ ৮ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বিতরণের হার শতকরা ৪২ ভাগ। আদায়ের লক্ষ্যমাত্রার ৬০ ভাগ পূরণ হয়েছে। আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৯ কোটি ৮৫ লাখ ৫৯ হাজার টাকা। কিন্তু আদায় হয়েছে ৫ কোটি ৯৩ লাখ ৪৭ হাজার টাকা।

সোনালী ব্যাংকের বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৩ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার টাকা। কিন্তু বিতরণ হয়েছে শতকরা ৬৬ ভাগ অর্থাৎ ২ কোটি ২৫ লাখ ৮০ হাজার টাকা। আদায় করার কথা ছিল ১০ কোটি ৪৭ লাখ ৭ হাজার টাকা, কিন্তু হয়েছে মাত্র ১ কোটি ৫১ লাখ ৯২ হাজার টাকা অর্থাৎ শতকরা ১৪ ভাগ মাত্র।

অগ্রণী ব্যাংক বিতরণে ২৮ ভাগ এবং আদায়ে ৪৫ ভাগ সফলতা পেয়েছে। এই ব্যাংকের কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ২ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার টাকা। বিতরণ করা হয়েছে ৬৮ লাখ ৪৫ হাজার টাকা। আদায়যোগ্য ঋণের পরিমাণ ২ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার টাকা। আদায় হয়েছে ১ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা।

জনতা ব্যাংকের বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৯২ লাখ ৫০ হাজার টাকা। অর্জনের পরিমাণ শতকরা ৩৫ ভাগ অর্থাৎ ৩২ লাখ ৭৭ হাজার টাকা। আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২৭ লাখ ৩১ হাজার টাকা। আদায় হয়েছে ১৩ লাখ ২৮ হাজার টাকা অর্থাৎ শতকরা ৪৯ ভাগ।

ব্যাংক ও সংশ্লিষ্ট অন্যান্য সূত্রে জানা গেছে, আর্থিক সংকটের কারণে সামান্য জায়গা-জমির মালিক কৃষক পরিবারগুলো ঋণগ্রস্ত হয়ে ভূমিহীনদের কাতারে চলে যাচ্ছে এবং গ্রামের কৃষিজমি এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষের হাতে চলে যাচ্ছে। জেলায় ভূমিহীন কৃষকের সংখ্যা বেশি হলেও তাদের ঋণ নেওয়ার সুযোগ কম।

এছাড়া, অনেক লোক কাগজ-পত্র সংগ্রহ ও ব্যাংকিং ঝামেলা এড়াতে গিয়ে গ্রামীন ব্যাংকসহ বিভিন্ন এনজিও থেকে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হচ্ছে। উপরন্তু, খেলাপি হওয়ার কারণে ব্যাংকগুলো তাদের মধ্যে ঋণ বিতরণ করতে পারে না।