রাজবাড়ীতে খাবার পানির তীব্র সংকট
স্থানীয় প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় জেলার প্রায় চার লাখ লোক দীর্ঘদিন ধরে খাবার পানির তীব্র সংকটে ভুগছে।
অন্য কোনও উপায় না পেয়ে তারা পুকুর ও খালের দূষিত পানি পান করছে। ফলে জেলার সর্বত্র ডায়রিয়া ও জণ্ডিসসহ পানিবাহিত বিভিন্ন রোগ দেখা দিচ্ছে।
সূত্র জানায়, বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য জনস্বাস্থ্য ও প্রকৌশল বিভাগ এবং রাজবাড়ী পৌরসভা যৌথভাবে একটি উদ্যোগ নিয়েছিল। তবে সেই প্রকল্প আজও আলোর মুখ দেখেনি।
এছাড়া পানির স্তর নিচে নেমে যাওয়ায় জনগণের ভোগান্তি আরও চরমে পৌঁছেছে। কেননা টিউবওয়েল থেকে আর আগের মতো পানি উঠছে না।
সম্প্রতি নিরাপদ পানির দাবিতে জেলার কয়েক হাজার লোক এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা নিরাপদ পানি প্রাপ্তিকে জনগণের মৌলিক অধিকার আখ্যায়িত করে শিগগিরই এ সমস্যা সমাধানের জন্যে সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
