২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিক্ষা করছে মুক্তিযোদ্ধা আনোয়ার : সম্মানী ভাতা বন্ধ ২৩ মাস

রাষ্ট্রীয় সম্মানী ভাতা বন্ধ করে ওরা আমায় ভিক্ষুক বানিয়ে দিলো। জীবনের শেষ সময়ে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতে হচ্ছে। এর থেকে মৃত্যুই ছিল ভালো ।’

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2005, 01:33 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

কথাগুলো বলেই ডুকরে কেঁদে ওঠেন ঠাকুরগাঁও পীরগঞ্জের পঙ্গু মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। পাক হানাদার বাহিনীর কবল থেকে দেশমাতৃকাকে মুক্ত করতে গিয়ে যিনি একটি পা হারিয়ে এখন শুধুই করুনার পাত্র। যুদ্ধের বছরে যে প্রতিবাদে হাতে গর্জে উঠতো মেশিনগান, জীবনের শেষ বয়সে আনোয়ার এখন সেই হাতেই তুলে নিয়েছেন ভিক্ষার পাত্র।

৫৮ বছর বয়সী পীরগঞ্জ পৌর এলাকার আনোয়ার হোসেন অর্থ সংকট ও হতাশার ভারে নত হয়ে পড়েছেন। তিনি জানালেন, রাষ্ট্রীয় সম্মানীভাতা চালু হওয়ার পর নতুন করে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু এখন না খেয়ে মরতে হবে।

মুক্তিযুদ্ধের সাত নম্বর সেক্টরে ক্যাপ্টেন শাহরিয়ারের নেতৃত্বে একটি সম্মুখযুদ্ধে অংশ নেওয়ার সময় তার বাম পাঁয়ে সেলের স্পি­ন্টার বিদ্ধ হয়। ভারতের রায়গঞ্জ হাসপাতালে ৮ দিন চিকিৎসা নিয়ে তিনি দেশে ফিরে আসেন। পরে তিনি দিনাজপুর হাসপাতালেও ১৫ দিন চিকিৎসা নেন।

চিকিৎসায় পাঁয়ের ক্ষত সেরে গেলেও থেকে যাওয়া স্পি­ন্টারের কণা জন্ম দেয় পচনশীল গ্যাংগ্রিনের। ১৯৮৯ সালে তার বাম পাঁ কেটে ফেলতে হয়।

তিনি জানান, ১৯৯৯ সালের জানুয়ারি মাস থেকে তাকে বছরে দু’টি উৎসব বোনাসসহ মাসে দুই হাজার ৬৭৬ টাকা সম্মানী দেওয়া হয়। মাত্র চার বছরের মাথায় ২০০৩ সালের মে মাস থেকে তার এ ভাতা বন্ধ হয়ে যায়।

এ ব্যাপারে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো ফল হয়নি। কৃষি প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যানের সুপারিশও কোনো কাজে আসেনি।

দীর্ঘ ২৩ মাস ভাতার টাকা না পেয়ে চরম অর্থ সংকটের পড়ে শেষ পর্যন্ত তাকে বেঁচে থাকার প্রয়োজনে ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে।

অশ্র“সজল চোখে আনোয়ার জানতে চান, ‘এই গ্লানীময় জীবন থেকে কি কোনো মুক্তি নেই?’