বিদ্যুৎ চাহিদা পূরণে সরকার শিগগির নবায়নযোগ্য শক্তি নীতিমালা প্রণয়ন করবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সরকার সৌরশক্তিসহ সকল নবায়নযোগ্য শক্তির যথাযথ ব্যবহার এবং এ শক্তিকে কাজে লাগিয়ে ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে শিগগির ‘শক্তি নীতিমালা’ প্রণয়ন করবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি : গবেষণা ও ব্যবহার’ শীর্ষক এক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান। বাংলাদেশ সৌরশক্তি সমিতি ও নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্র যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম এ ফায়েজের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধনি অনুষ্ঠানে উপ-উপাচার্য প্রফেসর ড. এএফএম ইউসুফ হায়দার, সৌরশক্তি সমিতির সভাপতি প্রফেসর ড. মুহতাশাম হুসাইন, সচিব প্রফেসর ড. শাহিদা রফিক ও নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রের পরিচালক নীম চন্দ্র ভৌমিক বক্তৃতা করেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, প্রকৃতি থেকে প্রাপ্ত শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশে বিদ্যুৎ সংকট মোচনের পাশাপাশি বহু জনহিতকর কাজে ব্যবহার করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়া সহজতর হবে।
তিনি দেশের বিভিন্ন অঞ্চলে সৌরশক্তি ও অন্যান্য নবায়নযোগ্য শক্তির ওপর ভিত্তি করে ‘এনার্জি পার্ক’ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী নবায়নযোগ্য শক্তিকে দেশের কল্যাণে কার্যকরভাবে ব্যবহার করতে সরকারের পাশাপাশি গবেষক, বহুজাতিক কো¤পানি, এনজিও এবং বিনিয়োগকারীদের সমনি¦ত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
পরে প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের এনার্জি পার্ক এলাকায় সৌরশক্তি প্রযুক্তির জাতীয় প্রদর্শনী উদ্বোধন করেন। প্রদর্শনীতে সৌরশক্তি ব্যবহার করে বাতি, চুলা, ফ্যানসহ বিভিন্ন যন্ত্রপাতি চালনা ও ব্যবহার প্রদর্শন করা হয়।
