দেশে কাটা ঠোঁট নিয়ে জন্মানো ৪ হাজার শিশু চিকিৎসা বঞ্চিত
দেশে পর্যাপ্ত প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞের অভাবে প্রতি বছর কাটা ঠোঁট নিয়ে জন্মানো চার হাজার শিশু চিকিৎসা বঞ্চিত থেকে যাচ্ছে।
রাজধানীর সেন্ট্রাল হসপিটালে বুধবার এক সংবাদ সম্মেলনে প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক এজেএম সালেক এ কথা বলেন।
তিনি বলেন, ‘দেশে প্রতি বছর প্রায় পাঁচ হাজার শিশু কাটা ঠোঁট নিয়ে জন্ম লাভ করে। দেশের চারটি হাসপাতালে মাত্র ১০ জন বিশেষজ্ঞ রয়েছে তাদের চিকিৎসার জন্য।’
তিনি আরও বলেন, ‘এই অল্প কয়েক জন বিশেষজ্ঞের পক্ষে সবার চিকিৎসা করা সম্ভব নয়।’
ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের অধ্যাপক এজেএম সালেক পাঁচ শ কাটা ঠোঁট নিয়ে জন্মানো শিশুর সফল চিকিৎসা উপলক্ষ্যে ‘স্মাইল ট্রেনÑ সেন্ট্রাল হসপিটাল ক্লেফ্ট প্রজেক্ট’ শীর্ষক সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেন্ট্রাল হসপিটালের ভাইস চেয়ারম্যান অধ্যাপক মতিউর রহমান, পরিচালক এমএ কাশেম, সতিশ কালরা, প্লাস্টিক সার্জন ড. রাগিব মঞ্জুর এবং স্মাইল ট্রেনের দক্ষিণ এশীয় পরিচালক।
অধ্যাপক সালেক বিডিনিউজকে বলেন, ‘দেশে প্লাস্টিক সার্জনের সংখ্যা বাড়াতে একটি আলাদা বিষয় হিসেবে সব কটি সরকারি মেডিক্যাল কলেজে প্লাস্টিক সার্জারি পাঠ অন্তর্ভুক্ত করা দরকার।’
তিনি জানান, বর্তমানে যে কজন প্লাস্টিক সার্জন আছেন তারা অগ্নিদগ্ধ রোগীদের নিয়েই এত ব্যস্ত থাকেন যে কাটা ঠোঁটের চিকিৎসার তেমন সুযোগই পান না।
স্মাইল ট্রেন মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি দাতব্য প্রতিষ্ঠান। কাটা ঠোঁট নিয়ে জন্মানো শিশুদের চিকিৎসার্থে বিশ্বের ৫০ টি দেশে কাজ করছে সংগঠনটি। বাংলাদেশে সেন্ট্রাল হসপিটালের সাথে যৌথভাবে তারা ২০০৩ সালের ৩১ ডিসেম্বর থেকে কাজ করছে।
সতিশ কালরা বলেন, ‘স্মাইল ট্রেন বাংলাদেশে প্রতিটি শিশুর চিকিৎসায় ১৪০ মার্কিন ডলার দেবে।’ বাকি ব্যয়ভার বহন করবে সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষ।
কাটা ঠোঁটের চিকিৎসায় প্রতিটি শিশুর জন্য খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা।
আলেয়া বেগম বগুড়া থেকে এসেছেন তার আট মাস বয়সী ছেলে রনির চিকিৎসার জন্য। আলেয়া বেগম জানান, যাতায়াত খরচ ছাড়া ছেলের চিকিৎসার আর কোনও খরচ তার কাছে নেই।
