২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ অভিবাসীদের দাস মনে করা ঠিক নয়: বিডিনিউজকে আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার সাবেক উপ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অবৈধ বাংলাদেশী অভিবাসীদের সাথে রূঢ় আচরনের দায়ে মালয়েশীয় অভিবাসন কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 02:10 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

তিনি বিডিনিউজকে বলেন, ‘অবৈধ অভিবাসী শ্রমিকদের ব্যাপারে মালয়েশিয়া নির্মম, নিষ্ঠুর এবং বর্বর। আমরা তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি, তারপরও যারা থেকে যাচ্ছে তাদের কারাবন্দি করছি নতুবা বেত্রাঘাতে জর্জরিত করছি।’

আনোয়ার ইব্রাহিম মোনাশ এশিয়া ইনস্টিটিউটের আমন্ত্রিত বক্তা হিসেবে মেলবোর্নে অবস্থানকালে বিডিনিউজ প্রতিনিধির সঙ্গে এক সাক্ষাৎকারে অভিবাসন ও অভিবাসী সম্পর্কে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রত্যেকটি দেশেরই সেখানে অবৈধভাবে ঢুকে পড়াদের বহিস্কার করার অধিকার রয়েছে, কিন্তু তেমনটি করতে গিয়ে অমানবিক হলে তো চলে না।’ তিনি বলেন, ‘আমরা তো আর দাসদের নিয়ে ডিল করছি না।’

আনোয়ার ইব্রাহিম বলেন, যদি অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতেই হয় তাহলে তা আইনানুগ হতে হবে, বল প্রয়োগ করা চলবে না। ‘আমি তাদের জেলে পাঠানো কিংবা বেত্রদন্ডে দন্ডিত করাকে সমর্থন করতে পারি না।’

তিনি আরও বলেন, ‘আমাদেরকে অবশ্যই এমন আচরনের জোরালো প্রতিবাদ জানাতে হবে। এ ধরনের বর্বরতার হাত থেকে বাঁচানোর জন্য আমি সরকারের কাছে আবেদন জানিয়েছি।’

উল্লেখ্য, আনোয়ার ইব্রাহিম ইতিমধ্যেই এ ব্যাপারে তার সরকারের নিকট একটি চিঠি পাঠিয়েছেন। এতে তিনি আহ্বান জানিয়েছেন যাতে অবৈধ অভিবাসীদের মানবাধিকার লঙ্ঘিত না হয়।

তিনি বলেন, এই অভিবাসীরা অতীতে আমাদের বিভিন্ন কাজে লেগেছে। এখন আমরা তাদের প্রতি যে আচরন করছি তা সঠিক নয়। এসব অভিবাসীদের শ্রমেই আজকে মালয়েশিয়া অর্থনৈতিক সমৃদ্ধির মুখ দেখেছে। কিন্তু ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা অবৈধ অভিবাসীতে পরিণত হয়েছে।

মালয়েশিয়ায় বর্তমানে চার লাখ অবৈধ অভিবাসী রয়েছে। এরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন এবং মিয়ানমার থেকে মালয়েশিয়ায় এসেছিল।

বিডিনিউজের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতন্ত্র ও ইসলাম পরস্পর বিরোধী কোনও বিষয় নয়। তিনি বলেন, মুসলিম দেশসমূহের সাধারন নাগরিকদের স্বার্থে গণতন্ত্র সংহতকরণ, নাগরিক স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সুশাসন কায়েমের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে।