দূরদর্শী পরিকল্পনা ছাড়া সুবিন্যস্ত নগরায়ন সম্ভব নয়: এহছানুল হক মিলন
শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন বলেছেন, দুরদর্শী পরিকল্পনা ছাড়া সীমিত সম্পদের মাধ্যমে সুবিন্যস্ত নগরায়ন সম্ভব নয়। তাই নগর পরিকল্পনাবিদদের ভবিষ্যতের কথা চিন্তা করেই নগর পরিকল্পনা করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তির।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ আয়োজিত মঙ্গলবার ‘সাম্প্রতিক পরিকল্পনা কার্যক্রম’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। পরে তিনি ‘পরিকল্পনা উন্নয়নে সরকারি ও বেসরকারি সংগঠনের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার অধিকাংশ যেহেতু নগরকেন্দ্রিক হয়ে পড়ছে তাই শুরুতেই সে অনুযায়ী নগরায়ন বাস্তবায়ন করতে হবে।
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাজেদ আশরাফ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান এবং অনুষ্ঠানের সমন্বয়কারী ছিলেন মো. কামরুজ্জামান।
