চট্টগ্রাম মহানগরীর মাস্টার প্ল্যান সম্পন্ন করতে কনসালটেন্ট নিয়োগ
চট্টগ্রাম মহানগরীর মাস্টারপ্ল্যানের অবশিষ্টাংশ সম্পন্ন করার জন্য কনসালটেন্ট নিয়োগ দেয়া হয়েছে।
সিডিএ সূত্র জানায়, নিয়োগপ্রাপ্ত কনসালটেন্ট চট্টগ্রাম মহানগরীর ডিটেইল এরিয়া প্ল্যান (ডিএপি) প্রণয়ন করবে। ১৯৯২সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ইউএনডিপির সহায়তায় মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ শুরু করে। এর আওতায় মাস্টার প্ল্যানের প্রধান দুই অংশ স্ট্রাকচার প্ল্যান ও আরবান ডেভেলপমেন্ট প্ল্যান প্রণয়নকরা হয়। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে অন্যতম প্রধান অংশ ডিএপি প্রণয়নের কাজ বন্ধ থাকে।
সিডিএ’র প্ল্যানিং বিভাগের প্রধান প্রকৌশলী এএম মহসিন বিডিনিউজকে জানান, গত ১০ মার্চ ডিএপি প্রণয়নের জন্য ডিজাইন ডেভেলপমেন্ট কনসালটেন্ট (ডিডিসি) নামের প্রতিষ্ঠানটি মন্ত্রনালয়ের অনুমোদন লাভ করে।
এই প্রতিষ্ঠানকে শিঘ্রই দুবছরের মধ্যে ডিএপি প্রণয়নের কাজ সম্পন্ন করার জন্য কার্যাদেশ দেয়া হবে।
সূত্র জানায়, সিডিএর ডিএপি প্রণয়নের কাজ করতে চারটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে রাজউক ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ডিএপি প্রণয়নের সাথে সংশ্লিষ্ট থাকা ডিডিসিকে এই দায়িত্ব দেয়া হয়।
চট্টগ্রাম মহানগরীর ডিএপি প্রণয়নে ব্যয় ধরা হয়েছে ছয় কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে সরকার যোগান দিচ্ছে পাঁচ কোটি ৫০ লাখ টাকা। সিডিএর নিজস্ব তহবিল থেকে দেয়া হচ্ছে ৬৪ লাখ টাকা।
