আদালত অবমাননার দায়ে ভোরের কাগজ ও প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও তিন প্রতিবেদকের শাস্তি
হাইকোর্টের একজন বিচারকের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সংক্রান্ত ‘মিথ্যা রিপোর্ট’ প্রকাশের জন্য আদালত অবমাননা মামলায় হাইকোর্ট দৈনিক প্রথম আলো ও ভোরের কাগজের সম্পাদক, প্রকাশক এবং সংশ্লিষ্ট তিন প্রতিবেদককে জেল ও জরিমানার আদেশ দিয়েছেন।
দীর্ঘ শুনানির পর বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি এএফএম আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সোমবার এ রায় ঘোষণা করেন।
বিচারপতি ফয়সাল মাহমুদ ফায়েজীর বাবা মোহম্মদ ফয়েজ দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, প্রকাশক মাহফুজ আনাম, চট্টগ্রাম প্রতিনিধি মাসুদ মিল্লাদ ও একরামুল হক বুলবুল এবং ভোরের কাগজের তৎকালীন সম্পাদক আবেদ খান, প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও চট্টগ্রাম প্রতিনিধি সমরেশ বৈদ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছিলেন।
হাইকোর্ট সমরেশ বৈদ্যের বিরুদ্ধে দুই মাসের সশ্রম কারাদণ্ড এবং ২,০০০ টাকা জরিমানা অনাদায়ে আর একমাসের কারাদণ্ড দেন।
একই সাথে আদালত অন্য ৬ আসামীকে ১,০০০ টাকা জরিমানা অনাদায়ে একমাসের কারাদণ্ড প্রদান করেন।
আদালত রায়ে গণমাধ্যমকে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। এসব নির্দেশনার মধ্যে রয়েছে, সাংবাদিকরা সরসরি অথবা টেলিফোনে সুপ্রিম কোর্টের কোনও বিচারকের সাথে কথা বলতে পারবেন না। জরুরী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের অনুমতি সাপেক্ষে যোগাযোগ করতে পারবেন।
আরও বলা হয়, সাংবাদিকরা বিচার বিভাগের কোন সংবাদকে চাঞ্চল্যকর আকারে প্রকাশ করবে না।
হাইকোর্ট তার অভিমতে বলেন, প্রথম আলো এবং ভোরের কাগজে প্রকাশিত বিচারপতি ফয়সাল মাহমুদ ফায়েজীর সনদপত্র সংক্রান্ত প্রতিবেদনটি ভিত্তিহীন। কারণ তার এলএলবি’র সনদপত্র জাল ছিল বলে আদালতে প্রমাণিত হয়নি।
আদালত আরও বলেন, গণমাধ্যম এবং কোনও কর্পোরেট গোষ্ঠিসহ প্রেসার গ্র“প বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করতে পারে না। বিচার বিভাগের মর্যাদা অক্ষুন্ন রাখতে হবে। বিচারকরা ব্যক্তিগত দায়িত্ব পালন করেন না। তারা প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করেন।
ফয়সাল মাহমুদ ফায়েজীর মত ব্যক্তিকে বিচারক হিসাবে নিযোগ করা হলে বিচার বিভাগ ক্ষতিগ্রস্থ হবে- সংবাদপত্রের প্রতিবেদনে প্রকাশিত এ ধরনের মন্তব্য হাইকোর্টের মর্যাদাকে ক্ষুন্ন করেছে।
গত বছরের ৩০ অক্টোবর দৈনিক প্রথম আলো এবং ভোরের কাগজে বিচারপতি ফায়েজীর এলএলবি’র সনদপত্র সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। প্রথম আলো প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম করে ‘বিচারপতির সার্টিফিকেট জাল!’ এবং ভোরেরকাগজে প্রকাশিত প্রতিবেদনের শিরোনামে বলা হয় ‘ এলএলবি পাশ না করেই বিচারপতি!’
এই সংবাদের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আইনজীবিরা আদালতে বিক্ষোভ প্রদর্শন করেন এবং বিচারপতি ফায়েজীকে হাইকোর্ট বেঞ্চ থেকে প্রত্যাহারের দাবি জানান।
আইনজীবিদের দাবির মুখে প্রধান বিচারপতি ৩১ অক্টোবর ফায়েজীকে বেঞ্চ থেকে তুলে নেন।
৯ নভেম্বর বিচারপতি ফায়েজীর বাবা এ্যডভোকেট মোহাম্মদ ফয়েজ দু’টি পত্রিকার সম্পাদক, প্রকাশক এবং সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে আদালত অবমানানার মামলা দয়ের করেন।
আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন আজমালুল হোসেন কিউসি। অন্যদিকে আসামী পক্ষে শুনানিতে অংশ নেন ডঃ কামাল হোসেন, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, এ্যডভোকেট মাহবুবে আলম, ব্যারিস্টার তানজিবুল আলম এবং ব্যারিস্টার সারা হোসেন।
আসামী পক্ষের আইনজীরা বিডিনিউজকে বলেন, তারা এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন।
