২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযুক্ত যুবক সাত বছর জেল খাটার পর তথাকথিত নিহত ব্যক্তিকে জীবিত উদ্ধার

আলোচিত জোছনা হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডের রায় মাথায় নিয়ে মাগুরার এক যুবক সাত বছর জেল খাটার পর পুলিশ শুক্রবার রাতে জোছনাকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করেছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 05:25 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

জেলার শ্রীপুর উপজেলার চতুরিয়া গ্রামের মানিক শেখ (৩৫) যাকে খুনের দায়ে ১৯৯৭ সাল থেকে জেল খাটছে, সেই জোছনা কক্সবাজার জেলার টেকপাড়া এলাকার জনৈক রশিদ আহমেদের সাথে দিব্যি ঘর সংসার করছিল বলে পুলিশ জানিয়েছে।

জোছনা তার বাবার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বয়েড়া গ্রামে এলে গোপন সূত্রে খবর পেয়ে এ.এস.আই মতিনের নেতৃত্বে পুলিশের একটি দল  তাকে গ্রেফতার করে। এসময় শত শত লোক জোছনাকে দেখার জন্য থানা চত্বরে ভিড় জমায়।

পুলিশ জানায়, গ্রাম্য দলাদলির কারণে ১৯৯৬ সালের ৯ নভেম্বর শৈলকূপা থানার আতর আলীর ছেলে মানিক শেখকে আসামী করে পার্শ্ববর্তী বয়েড়া গ্রামের নায়েব আলীর মেয়ে জোছনাকে অপহরণপূর্বক হত্যার অভিযোগে মামলা (নং- ৮) দায়ের হয়। পুলিশ এ মামলার চার্জশিটও দাখিল করে।

১৯৯৭ সালে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালত মানিককে যাবজ্জীবন কারাদন্ড দেয়। সেই থেকে মানিক জেলের ঘানি টানছে।

মানিকের বাবা আতর আলী বিডিনিউজ এর সাথে আলাপকালে  তার ছেলের এই পরিণতির জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে দায়ি করে শাস্তি দাবি করেন। কান্নায় ভেঙে পড়ে তিনি প্রশ্ন করেন, ‘আমার ছেলের বন্দি জীবনের সাতটি বছর কে ফিরিয়ে দেবে?’