ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ও প্রাণে রক্ষা পাওয়া বাংলাদেশীদের ফিরিয়ে আনতে আইওএম’র সহযোগিতা চাইলো সরকার
স্পেনে যাওয়ার পথে গত ২৮ ফেব্র“য়ারি ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ১১ জন ও প্রাণে রক্ষা পাওয়া ১৬ জন বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর দি মাইগ্রেশনকে(আইওএম) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
আইওএম’র আঞ্চলিক প্রতিনিধি শাহিদুল হকের কাছে লেখা এক চিঠিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব একেএম শামসুদ্দিন ভূমধ্যসাগরে নৌ দুর্ঘটনায় প্রানে বেঁচে যাওয়া ও নিহত বাংলাদেশী নাগরিকদের আলজেরিয়া থেকে দেশে প্রত্যাবর্তনের খরচ বহন বাবদ আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
মন্ত্রণালয়ের এক সূত্র থেকে জানা যায়, যদিও গত বৃহষ্পতিবার আইওএম’র কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে, শনিবার পর্যন্ত তারা কোন উত্তর জানায়নি।
চিঠিতে মানবিক দৃষ্টিকোণে বাংলাদেশের আবেদন বিবেচনা করার অনুরোধ জানানো হয়। মরক্কো থেকে স্পেনে যাবার পথে গত ২৮ ফেব্র“য়ারি ভূমধ্যসাগরে ওই দুর্ঘটনার ঘটনা ঘটে। ওই নৌকাডুবিতে ১১ জন প্রাণ হারায় আর বাকি ১৬ জনকে গুরুতর অবস্থায় আলজেরিয়ার নৌবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মরক্কোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে ভূমধ্যসাগরে নৌকাডুবি দুর্ঘটনার শিকার বাংলাদেশের নাগরিকদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
