২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে শনিবার থেকে ১৯ দিনব্যাপী নৌকা প্রদর্শনী শুরু

রাজধানীর জাতীয় জাদুঘরে শনিবার থেকে শুরু হচ্ছে ১৯ দিনব্যাপী নৌকা প্রদর্শনী। এ উপলক্ষ্যে জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স হেরমান নিকোলাই বৃহস্পতিবার বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকা শিল্পের প্রচুর অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 08:09 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

প্রদর্শনীর অন্যতম আয়োজক রুনা খান মার ঘোষণা করেছেন, বাংলাদেশের কাঠের নৌকার হাজার বছরের ঐতিহ্য সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে মেঘনার চরে একটি আলাদা জাদুঘর গড়ে তোলা হবে।

‘বাঙালির ঐতিহ্যবাহী নৌকা’ শীর্ষক প্রদর্শনীকে সামনে রেখে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হেরমান বলেন, ‘ দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা কিংবা মালামাল পরিবহনের মতো কাজে বাংলাদেশ তাদের ঐতিহ্যবাহী নৌকার যথাযথ ব্যবহার করতে পারলে তা একটি লাভজনক খাতে পরিণত হবে।’

এপ্রিলের ৬ তারিখ পর্যন্ত চলবে এ প্রদর্শনী। ফ্রেন্ডশীপ অ্যাসোসিয়েশন ও জার্মান দূতাবাস যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে।

প্রদর্শনীর প্রধান উদ্যোক্তা এবং ফ্রেন্ডশীপ অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক রুনা খান মার জানান, প্রদর্শনীতে হোরোঙ্গা, শাম্পান, পাটামের মতো ৩০ টিরও বেশি ঐতিহ্যবাহী নৌকা প্রদর্শিত হবে।

অশোকা ফেলো টাঙ্গাইলের মেয়ে রুনা বলেন, ‘আমরা ঐতিহ্যবাহী নৌকা শিল্পকে ধরে রাখার এবং নৌকা প্রস্তুতকারীদের প্রদর্শনীতে উপস্থিত করার চেষ্টা করছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মিচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ইকরাম আলী খান এবং রুনা খানের স্বামী ইভস মার।

প্রদর্শনীটি আয়োজনে ব্যয়ভার বহন করছে যৌথভাবে গ্রামীণ ফোন, মিচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ও বেঙ্গল ফাউন্ডেশন।