বৈষম্যের অবসান চেয়েছেন মহিলা ইউপি সদস্যরা
ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যরা তাদের প্রতি সকল ধরনের বৈষম্যের অবসান দাবি করেছেন। শুধু তাই নয়, জনপ্রতিনিধি হিসেবে অধিকারের পূর্ণ বাস্তবায়ন দেখতে চায় তারা।
বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) আয়োজিত ‘নারীর ক্ষমতায়ন: ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যদের ভূমিকা’ শীর্ষক এক জাতীয় সম্মেলনে বৃহষ্পতিবার ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যরা এ আহবান জানান। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে খুলনা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার শামীমা সুলতানা সীমা বলেন, কোন মহল স্বপ্রণোদিত হয়ে জনপ্রতিনিধি হিসেবে আমাদের অধিকার নিশ্চিত করবে না। মহিলা নয় মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার আদায় এবং জনপ্রতিনিধিত্বের অধিকার প্রতিষ্ঠায় নারী সমাজকেই সংগ্রাম করে যেতে হবে। তার বক্তব্যে উপস্থিত সকল ইউপি মহিলা সদস্যরা সমস্বরে সমর্থন জ্ঞাপন করে।
সম্মেলনে সাবেক আইন মন্ত্রী ব্যারিষ্টার আব্দুল মতিন খসরু এবং ব্যারিষ্টার সারা হোসেন ‘রাষ্ট্রপক্ষ এবং ওয়ার্ড কমিশনার শামীমা সুলতানা সীমা ও আরো নয় জনের মধ্যকার একটি মামলা’র প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন। পুরুষ ওয়ার্ড কমিশনার ও মহিলা ওয়ার্ড কমিশনারের সমঅধিকারের দাবিতে মামলাটি দায়ের করেন শামীমা সুলতানা সীমা ও আরো নয় জন। উক্ত মামলায় রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে বাদীরা জয়লাভ করেন।
সম্মেলনের মুক্ত আলোচনা পর্বে দেশের বিভিন্ন স্থান থেকে আগত মহিলা ইউপি সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মহিলা ইউপি সদস্যরা তাদের প্রতি পুরুষ সহকর্মীদের বৈষম্যমূলক আচরণের বিবরণ তুলে ধরেন।
স্থানীয় সরকার ব্যবস্থার তৃণমূল পর্যায়ের একটি সংগঠনের প্রতিনিধি হিসেবে মহিলা সদস্যরা তাদের কিছু সুনির্দিষ্ট দায়িত্ব প্রদানের দাবি জানিয়েছেন। এছাড়াও দায়িত্বে বাধাদানের অভিযোগে ইউপি চেয়ারম্যান এবং পুরুষ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়েরকালে আইনি সহযোগিতা প্রদানের দাবি জানান তারা।
ব্লাস্টের দুই সহকারী পরিচালক ফরিদা ইয়াসমিন ও সোমা ইসলাম ব্লাস্টের কার্যক্রমের ওপর আলোচনা করেন। সম্মেলনে ব্লাস্টের নির্বাহী পরিচালক শামসুল বারি স্বাগত ভাষণ দান করেন। সভাপতিত্ব করেন বিচারপতি নাইম উদ্দিন আহমেদ ।
