চট্টগ্রাম অস্ত্র উদ্ধার মামলার আসামী গ্রেফতার
রাজধানীর মিরপুর থেকে বৃহষ্পতিবার ভোরে পুলিশ চট্টগ্রাম অস্ত্র উদ্ধার মামলার অন্যতম প্রধান আসামী হাজী ইয়াকুবকে (৫৩) গ্রেফতার করেছে।
গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ মিরপুরের লালকুঠি এলাকার মোহাম্মদ নাসিরউদ্দিনের ‘হাবিব মঞ্জিলে’ অভিযান চালিয়ে ভোর সাড়ে চারটায় তাকে গ্রেফতার করে।
মিরপুর থানার সাব ইনসপেক্টর রমিজউদ্দিন বিডিনিউজকে বলেন, আটক হাজী ইয়াকুবকে চট্টগ্রাম নেয়া কিংবা ঢাকায় রাখার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে ।
পুলিশ জানায়, হাজী ইয়াকুব চট্টগ্রাম ট্রাক শ্রমিক সমিতির একজন নেতা এবং অস্ত্র চোরাচালান ও ব্যবসার সাথে জড়িত।
গত বছরের ৪ এপ্রিল পুলিশ চট্টগ্রাম ইউরিয়া সার লিমিটেডের (সিইউএফএল) জেটি থেকে দশ ট্রাক ভর্তি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
এর আগে গত ৯ মার্চ এই মামলার আরও তিন আসামী চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সিএমএম) আদালতে আত্মসমর্পন করে। তারা হলো, এ আর এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ আতাউর রহমান, ফাইভ স্টার এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ ফজল আহমেদ এবং মোহাম্মদ আকবর আলী। চট্টগ্রামের সিএমএম আদালতে জামিনের আবেদন নাকচ হলে আত্মসমর্পনকারীদের জেলে পাঠানো হয়।
