২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক

জেলা শহরে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে চলছে। গত এক সপ্তাহে পাঁচ শতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

জেলার একমাত্র চিকিৎসা কেন্দ্র নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ওআরএস’র পর্যাপ্ত সরবরাহ থাকলেও স্যালাইন ও অন্যান্য ঔষধপত্রের ব্যাপারে কর্তৃপক্ষের কোনও মাথা ব্যাথা নেই।

সব রোগীকে হাসপাতালে বেড দেওয়া সম্ভব হচ্ছে না বলে অনেকই হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছে। আক্রান্তদের অধিকাংশই শিশুকিশোর ও মহিলা।

প্রতিদিন শহর ও শহরতলীর বিভিন্ন স্থান থেকে গড়ে ৮০/৯০ জন রোগী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আসে। হাসপাতালে ওআরএস ছাড়া তেমন কোন ঔষধ পাওয়া যায় না। ফলে রোগীরা স্যালাইন ও ঔষধপত্র বাহির থেকে কিনতে বাধ্য হয়।

হাসপাতালের কর্মরত চিকিৎসকরা জানান, ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ হল বিশুদ্ধ পানির সঙ্কট। এছাড়া আবহাওয়া জনিত কারণে শিশুকিশোররা এ রোগে আক্রান্ত হতে পারে।

হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী ক্ষোভের সাথে বলেন, ‘হাসপাতালে আমাকে ওআরএস ছাড়া কোনও ঔষধ দেওয়া হয় না। কর্তব্যরত ডাক্তাররাও রোগী দেখতে ওয়ার্ডে খুব একটা আসেন না।’

কিন্তু হাসপাতালের সিভিল সার্জন ডা. জার্জিস গালিব রোগীদের এ অভিযোগ অস্বীকার করেছেন।