২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি দমন কমিশনের পরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক পরিচয় কাজে লাগিয়ে স্বেচ্ছাচার এবং ব্যাপক দুর্নীতি, এই তিন দোষে অভিযুক্ত এক অফিসারের কারণে দূর হচ্ছে না দুর্নীতি দমন কমিশনের অচলাবস্থা। এই অভিযোগ কমিশনের একাধিক সদস্য ও কর্মকর্তা কর্মচারির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 07:34 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

তারা বলছেন এই অচলাবস্থার জন্য সেনাবাহিনীর সুপারসিডেড অফিসার এবং কমিশনের পরিচালক (প্রশাসন/সংস্থাপন) লে. কর্ণেল এম এ হান্নান মৃধা দায়ী। 

কমিশনের একাধিক সূত্র অভিযোগ করে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন প্রভাবশালী ব্যক্তির আশীর্বাদপুষ্ট হান্নান মৃধা কমিশনের চেয়ারম্যানকে প্রভাবিত করে একের পর এক অনিয়ম ও দুর্নীতি চালিয়ে যাচ্ছেন। তিনি কমিশনের চেইন অব কমান্ডও মানছেন না বলে উচ্চপদস্থ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজকে জানান। 

সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে হান্নান মৃধা সাবেক দুর্নীতি দমন ব্যুরোতে একটি ক্যান্টিন স্থাপন করেন। ক্যান্টিনের ঠিকাদারি দেন তারই পরিচিত এরশাদ হোসেন রানাকে। এরশাদ ব্যুরো থেকে রুজু করা ফৌজদারী মামলার আসামী (রমনা থানা মামলা নং-৯২। ২২-০৪-০২)।

টাস্কফোর্স-২ থেকে রুজু করা রমনা থানা মামলার বিবরণীতে আওয়ামী লীগ আমলে এমভি হাফিনা নামক জাহাজে ভারত থেকে চাল আমদানী সংক্রান্ত বিবরণী উল্লেখ ছিল। প্রায় ১৩ কোটি টাকা মূল্যের ১২ হাজার মেট্রিক টন চাল বোঝাই জাহাজটি উধাও হয়ে যায়। অথচ চালের মূল্য যথারীতি পরিশোধিত হয়। এরশাদ ছিল এই চালের ভারতীয় সরবরাহকারীর স্থানীয় এজেন্ট। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অন্যান্য আসামীর সাথে এরশাদ হোসেন রানার বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন পাওয়া গেছে।

এছাড়া অফিসের লিফট ক্রয় বাবদ এরশাদ হোসেন রানাকে বিনা টেন্ডারে কার্যাদেশ প্রদান, সোর্সমানির টাকা আত্মসাত, বাধ্যতামূলক সাফারি স্যুট বানানো খাতে কমিশন প্রাপ্তি, ফার্নিচার ক্রয় খাতে অর্থ আত্মসাত, ভিন্ন মতাবলম্বীদের র‌্যাব দিয়ে শায়েস্তা করার হুমকির অভিযোগ রয়েছে হান্নান মৃধার বিরুদ্ধে, নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন কমিশনের কয়েকজন কর্মকর্তা।

অপর একটি সূত্র জানায়, হান্নান মৃধা প্রধানমন্ত্রীর অফিসের এক কর্মকর্তার নিকট আত্মীয়। এই আত্মীয়তার সূত্র ধরে তিনি করে যাচ্ছেন একের পর এক স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতি। 

এ ব্যাপারে হান্নান মৃধার সঙ্গে তার কার্যালয়ে আজ রোববার দেখা করলে তিনি কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, এ ব্যাপারে কথা বলতে আমার রুচিতে বাধে। আমি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নির্দেশে কাজ করি। কোন প্রশ্ন থাকলে তাকে করুন।