কুষ্টিয়া অঞ্চলের চার জেলার ২০০ কি.মি. সীমান্ত কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলেছে বিএসএফ
কুষ্টিয়া অঞ্চলের চার জেলার সীমান্তের এক তৃতীয়াংশই কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত প্রায় এক দশকে ভারত তাদের প্রথম পর্যায়ের পরিকল্পনার অংশ হিসেবে বাস্তবায়ন করছে। এ নিয়ে উভয় দেশের মধ্যে চলছে উত্তেজনাকর পরিস্থিতি।
বিডিআর’র কুষ্টিয়া সেক্টরের একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন. ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে বিডিআর জোয়ানরা সতর্ক অবস্থায় রয়েছে।
তিনি বলেন, আমরা এখন বিএসএফ’র যে কোনো আক্রমনের জবাব দিতে সীমান্তে কঠোর সতর্ক অবস্থানে রয়েছি।
বিডিআর কর্মকর্তাদের ধারণা, কাঁটাতারের বেড়া নির্মাণ চোরাচালান বা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধকে মুল কারণ হিসেবে দেখানো হলেও এটি দু’দেশের জন্য সুখকর নয়। তারা বলছেন, উভয় দেশের সীমান্ত সমস্যার সমাধান হওয়ার আগেই এ ধরনের বেড়া নির্মাণ বাংলাদেশের প্রতি অন্যায় আচরনও বটে।
সম্প্রতি কুষ্টিয়া-ঝিনাইদহ-মেহেরপুর ও চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন সীমান্তে তীব্র উত্তেজনা চলছে কাঁটাতারের বেড়া ও রাস্তা নির্মাণ নিয়ে। সংশ্নি¬ষ্টদের আশংকা, কাঁটাতারের বেড়া নির্মাণের পুরো পরিকল্পনা বাস্তাবায়ন হওয়ার পরপরই বাংলাদেশকে ব্যাপকভাবে ‘পুশইন’ সমস্যায় পড়তে হতে পারে।
বিডিআর সূত্র জানায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহÑএই চারটি জেলার সাতটি উপজেলা ভারতের সীমান্ত সংলগ্ন। এ সব সীমান্তে ক্যাম্পের ব্যবধান ছাড়াও বিডিআর লোকবল ও যানবাহনের ক্ষেত্রেও বিএসএফ’র চেয়ে অনেক পিছিয়ে। দু’দেশের মধ্যে এ অঞ্চলের সীমান্তের মোট দৈর্ঘ প্রায় ২৮০ কিলোমিটার।
জানা যায়, দেশের শুধুমাত্র ওই চারটি জেলার স্থল সীমান্তে বিএসএফ এ পর্যন্ত ২০০ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন করেছে। এছাড়া বাকী প্রায় ৭০ কিলোমিটার সীমান্তেও তারা নির্মাণ করতে যাচ্ছে কাঁটাতারের বেড়া। কোথাও কোথাও কাঁটাতারের বেড়াকে বিদ্যুতায়িত করার কাজও চলছে। এছাড়া নদীর কারণে যেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ অসম্ভব, সেখানে ফ্লাড লাইটের স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা গেছে, ঝিনাইদহে ৪০ কিলোমিটার, মেহেরপুরে ৯৪ কিলোমিটার, চুয়াডাঙ্গায় ৪৭ কিলোমিটার এবং কুষ্টিয়ায় ১৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে ।
