প্রাথমিক শিক্ষা-ব্যবস্থা নানামুখী সমস্যায় জর্জরিত
দেশের প্রাথমিক শিক্ষার হতাশজনক চিত্র তুলে ধরে বেসরকারি সংস্থা গণ-সাক্ষরতা অভিযান (ক্যাম্পে) বলেছে, লৈঙ্গিক সমতার ক্ষেত্রে সফলতা সত্ত্বেও শিক্ষার্থীদের সুযোগ সুবিধা, অংশগ্রহণসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যার আবর্তে রয়েছে প্রাথমিক শিক্ষা ব্যাবস্থা।
বেসরকারি সংস্থা ক্যাম্পের এডুকেশন ওয়াচ রিপোর্ট ২০০৩-০৪ রিপোর্টে বলা হয়, দারিদ্র এখনও প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ছাত্র-ছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হিসাবে রয়েছে।
শনিবার বিকেলে স্থানীয় একটি হোটেলে ক্যাম্পের প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
রিপোর্টে আরও বলা হয়, শিক্ষার সুযোগ না পাওয়া শিশুদের এক তৃতীয়াংশ দরিদ্রতার কারণে সুযোগ বঞ্চিত। ৪০ শতাংশেরও বেশি ছাত্র-ছাত্রী একই কারণে ঝরে পড়ে। সে ক্ষেত্রে দরিদ্রতার কারণে স্কুল কর্তৃপক্ষ তাদের স্কুলে রাখতে অপারগতা প্রকাশ করে।
রিপোর্টে আরও বলা হয়, প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন প্রাথমিক স্কুলে নাম অন্তর্ভূক্ত করতে পারে না। অন্যদিকে প্রতি তিনজনের মধ্যে একজন প্রাথমিক শিক্ষা অসমাপ্ত রেখেই ঝরে পড়ে। আবার প্রতি তিন জনের একজন প্রাথমিক শিক্ষা শেষ করেও অশিক্ষিত বা অর্ধ শিক্ষিত থেকে যায়।
রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী এম ওসমান ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইএলসিজি’র চেয়ার পার্সন রবিন রুগিলস।
ক্যাম্পের চেয়ার পার্সন আনম ইউসুফের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সংস্থার পরিচালক রাশেদা কে চৌধুরী। ক্যাম্পের এডুকেশন ওয়াচের বিশেষ দিক তুলে ধরে বক্তব্য রাখেন সমীর রঞ্জন নাথ এবং ড. মঞ্জুর আহমেদ।
প্রাথমিক পর্যায়ে শিক্ষা বাবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করে রিপোর্টে বলা হয়, বেশিরভাগ স্কুলেই প্রাতিষ্ঠানিক এবং ব্যবস্থাপনার দক্ষতার অভাব রয়েছে।
রিপোর্টে আরও উল্লেখ করা হয়, দুর্বল ব্যবস্থাপনার কারণে স্কুল পরিচালনা পরিষদে রাজনৈতিক হস্তক্ষেপ বাড়ছে।
রিপার্টে বিভিন্ন ধরণের শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত পরিমানে শেণীকক্ষ নেই।
শিক্ষকের অপর্যাপ্ততা একটি সাধারণ সমস্যা। ৮০ ভাগ স্কুলেই ৪ জন অথবা তার থেকেও কম শিক্ষক রয়েছে। ৬০ ভাগ স্কুলে গড়ে ৬০ জন শিক্ষার্থীর জন্য রয়েছে একজন করে শিক্ষক।
রিপোর্টে বলা হয়, প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত শিক্ষক রাখা এখন নিয়মে দাঁড়িয়েছে। ৪০ শতাংশ শিশুর ব্যক্তিগত শিক্ষক রয়েছে।
এক জরিপে দেখা যায়, ২৭ শতাংশ ছাত্রছাত্রী বই পাওয়ার জন্যে টাকা খরচ করে। শিক্ষামন্ত্রী এম ওসমান ফারুক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় গুণগত শিক্ষার কথা উল্লেখ করে বলেন, আপনি যখন গুণগত শিক্ষা পাওয়ার জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, ঝরে পড়া শিক্ষার্থীদের হারের ব্যাপারে আমরা উদ্বিগ্ন। কিভাবে এই হার কমানো যায়, সে পথ খুঁজে বের করার চেষ্টা করছি।
রাজনৈতিক হস্তক্ষেপের ব্যাপারে মন্ত্রী বলেন, আমরা এই ব্যবস্থাকে রাাজনীতিমুক্ত করতে চাই। তবে আমার কাছে এ ধরণের কোনও প্রমাণ নেই।
