২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পুলিশ ও সন্ত্রাসী বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

রাজধানীর মগবাজার এলাকায় শনিবার ভোর রাতে পুলিশ ও সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধে এক পলাতক সন্ত্রাসী নিহত হয়েছে।নিহত ঐ সন্ত্রাসী রমনা থানার ২৪/সি ইস্কাটন গার্ডেন রোডের হাজি আবদুল্লাহর পুত্র আব্দুল খালেক (৩০)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 06:34 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

পুলিশ জানিয়েছে, রাত তিনটার দিকে এসআই বাকিউল্লাহ বাকি’র নেতৃত্বে এক দল পুলিশ মগবাজার এলাকার পিয়াসিগলি নামক স্থানে আব্দুল খালেককে গ্রেফতারের জন্য ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল খালেক ও তার তিন সহযোগী পুলিশকে লক্ষ করে গুলি চালায়।

পুলিশও পাল্টা গুলি চালালে আব্দুল খালেক ঘটনাস্থলেই নিহত হয়। আব্দুল খালেকের সহযোগীরা তার লাশ ফেলে রেখে পালিয়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধ চলে।

পুলিশ ঘটনাস্থল থেকে পয়েন্ট ৩২ বোরের একটি পিস্তল, দুটি গুলি ও হাতে তৈরি একটি বোমা উদ্ধার করেছে।

জানা গেছে, গত ১ মার্চ খালেক তাদের বাসায় তার বড় ভাই আবুল কালাম আজাদকে গুলি করে। ঐ ঘটনায় তার আরেক বড় ভাই রমনা থানায় একটি মামলা দায়ের করে।

খালেকের বড় ভাই ব্যবসায়ী মোহাম্মদ বিল্লাল হোসেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে লাশ গ্রহণ করার সময় বিডিনিউজকে বলেন, ‘আমার ভাই কোনও ভালো মানুষ ছিল না, সে ছিল একজন সন্ত্রাসী।’