ত্রিপুরায় বিডিআর-বিএসএফ'র পতাকা বৈঠক: কাঁটাতারের বেড়া নির্মাণ সাময়িকভাবে বন্ধ
পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক জোরপূর্বক কাঁটাতারের বেড়া নির্মণের ঘটনায় সৃষ্ট উত্তেজনা প্রশমনে শুক্রবার সকালে ত্রিপুরার দোলাবাড়ি এলাকায় বিডিআর-বিএসএফ’র কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ৩০ মিনিট স্থায়ী এই বৈঠকে সীমান্ত উত্তেজনা, সৈন্য সমাবেশ, সমরাস্ত্র বৃদ্ধির ঘটনায় উভয় পক্ষই পরস্পর পরস্পরকে দায়ী করেছে। বৈঠকে বিডিআর’র ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কোম্পানী কমান্ডার সুবেদার সিদ্দিকুর রহমান আর বিএসএসফ’র পক্ষে নেতৃত্ব দেন কোম্পানী কমান্ডার জগৎ সিং।
সূত্র আর জানায়, পরবর্তী উচ্চ পর্যায়ের বৈঠক না হওয়া পর্যন্ত বিরোধপূর্ন এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ ও শক্তি বৃদ্ধিসহ উত্তেজনা সৃষ্টির মত কোনও কিছু না করার সিদ্ধান্ত হয়। বৈঠকের পর রামগড়সহ খাগড়াছড়ির বিভিন্ন সীমান্তের পরিস্থিতি এখন শান্ত। তবে উভয় পক্ষই সতর্কাবস্থায় রয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, হবিগঞ্জ ব্রাক্ষ্মনবাড়িয়া, ফেনী, মৌলভী বাজার ও সুমানগঞ্জের প্রায় ২০০০ কিলোমিটার সীমান্তের বিরাজমান সকল সমস্যা নিরসনে ১৩-১৫ মার্চ পর্যন্ত টানা তিন দিন বিডিআর-বিএসএফ’র উপ-মহাপরিচালক পর্যায়ে ত্রিপুরার আগরতলায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ বিডিআর’র উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রব্বানীর নেতৃত্বে কুমিল্লার সেক্টর কমান্ডার কর্ণেল এ.একে.এম. জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্ণেল এ. এইচ. এম মকবুল হোসেন, রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্ণেল হামিদুল হক, খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল শাহরিয়ার আহমেদ ও সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত থাকবেন।
অপরদিকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দিবেন, আই.জি এম. দত্ত। এই বিস্তীর্ণ সীমান্ত জুড়ে আইন অমান্য করে বিএসএফ’র অবৈধ স্থাপনা ও কাঁটাতারের বেড়া নির্মাণসহ বিরাজমান সকল সমস্যা বৈঠকে প্রাধান্য পাবে।
