২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রিদ সম্মেলন হাসিনার সুপারিশ গুরুত্বের সাথে বিবেচনা করছে

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্পেনের মাদ্রিদ সম্মেলনের দ্বিতীয় দিনে বুধবার ওয়ার্কিং সেশনে অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2005, 10:10 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

গণতন্ত্র, সন্ত্রাস ও নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক এ সম্মেলনের উদ্বোধনী দিনে মঙ্গলবার তার দেয়া পরামর্শ ও সুপারিশগুলো এ বৈঠকে পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে তার বর্ণিত অভিজ্ঞতা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো বিশ্ব নেতারা বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনায় নেন।

শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী মাদ্রিদ থেকে টেলিফোনে বিডিনিউজকে জানান, মানবাধিকার, সুশাসন ও সন্ত্রাস নিরোধে আওয়ামী লীগ সভানেত্রীর প্রদত্ত বক্তব্য ও সুপরিশমালার বেশিরভাগই ওয়ার্কিং সেশনে গৃহীত হচ্ছে।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা নিজেই বাংলাদেশে চলমান সন্ত্রাসের শিকার। এ সম্মেলনে অংশগ্রহণকারী সাবেক রাষ্ট্র ও সরকার প্রধানদের মধ্যে তিনিই একমাত্র ভিকটিম হওয়ায় তার অভিজ্ঞতা ও সুপারিশমালা বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সাবের চৌধুরী জানান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার বেশ ক’টি দেশের সাবেক রাষ্ট্র ও সরকার প্রধানদের বৈঠক হয়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে : ব্রাজিল, কানাডা, আয়ারল্যাণ্ড।

শেখ হাসিনা রাতে আন্তর্জাতিক এ সম্মেলনের আয়োজক মাদ্রিদ ক্লাবের সভাপতির দেয়া নৈশ ভোজে যোগ দেবেন। এ নৈশ ভোজে সাবেক সরকার ও রাষ্ট্র প্রধানরা অংশ নেবেন।