২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যাংরাটিলা দুর্ঘটনার জন্য বাপেক্স এমডির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের নির্দেশ

ছাতক গ্যাস ফিল্ডের ট্যাংরাটিলা দুর্ঘটনার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিঃ (বাপেক্স) এর ব্যবস্থাপনা পরিচালক এম এ বাসেদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2005, 07:04 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এই নির্দেশ দেয়া হয়।

নির্দেশে বলা হয়, ছাতক গ্যাস ফিল্ডের ট্যাংরাটিলায় নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেডের খনন পর্যায়ে গত ৭ জানুয়ারি রাত সাড়ে ৯টায় এক ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়। পরে এর কারণ নির্ণয় এবং ক্ষয়-ক্ষতি নিরূপণের জন্যে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে একটি তদন্ত কমিটি গঠিত হয়। কমিটির প্রতিবেদনে বলা হয়, অপারেশনাল ভুল এবং ক্রটিপূর্ণ কেসিং ডিজাইনের কারণে এই  দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে আরো বলা হয়, এই কাজের মনিটরিং এর দায়িত্ব ছিল বাপেক্স এর উপর। কিন্তু তারা বিষয়টি সঠিকভাবে মনিটরিং করেনি।

ট্যাংরাটিলা দুর্ঘটনার জন্য মন্ত্রণালয়ের চিঠিতে বাপেক্স কর্তৃপক্ষ তথা ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে বিষয়টি জ্বালানি মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেয়া হয়।

পেট্রোবাংলার চেয়ারম্যানকে দেয়া মন্ত্রণালয়ের অপর একটি চিঠিতে বলা হয়, নাইকো বাপেক্স জয়েন্ট ভেঞ্চারের কাজ দেখাশোনা করার জন্যে যৌথ ব্যবস্থাপনা কমিটি (জেএমসি) তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। দুর্ঘটনার জন্য তাই জেএমসি‘র সদস্যগণের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়।

বাপেক্স ব্যবস্থাপনা পরিচালক নিজেও এই কমিটির সদস্য।

জানা গেছে, ট্যাংরাটিলা তদন্ত কমিটির প্রতিবেদনটি জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন গ্রহন করার পর তা জানানো এবং করণীয় নির্ধারণের জন্যে প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করা হয়।

তার আলোকে কত টাকা এবং কিভাবে ক্ষতিপূরণ দাবি করা হবে তার জন্যে তিন সদস্যর একটি কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন করেন।

একই সাথে তদন্ত রিপোর্টের আলোকে দায়ী বাপেক্স ব্যবস্থাপনা পরিচালক এবং জেএমসি’র সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়।