পাবনায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
পাবনায় সশস্ত্র সন্ত্রাসীরা মহসিন আলী নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে। সোমবার আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। মঙ্গলবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা গেছে।
পুলিশ জানিয়েছে, আতাইকুলা থানার বালুঘাটা গ্রামের রহিম উদ্দিনের ছেলে মহসিন আলী (২৫) পাবনা জজ আদালতে সোমবার জননিরাপত্তা আইনে একটি মামলার আসামি হিসেবে হাজিরা দেন। বাড়ি ফেরার পথে বিকাল চারটার দিকে শরতগঞ্জ বাজারে পৌঁছলে ১০/১২ জন অস্ত্রধারী তাকে শত শত লোকের সামনে উপর্যুপরি কোপায়। এক পর্যায়ে তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। মহসিন আলীকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে সে মারা যায়। সে স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী ছিল বলে জানা গেছে।
পুলিশ আরও জানিয়েছে, মহসিন ওই এলাকার এলাহি সরদার হত্যামামলাসহ জননিরাপত্তা মামলায় আসামি ছিল। এ ব্যাপারে আতাইকুলা থানায় মামলা হয়েছে।
