মিরপুরে এক কথিত জঙ্গীকে আটক
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ইসলামের বিরোধীতা করার অভিযোগে পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা রোববার এক কথিত জঙ্গীকে আটক করেছে। আটক তোয়াহার বাড়ি চাঁদপুর জেলার হাইমচরে। রমনা থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এসএম মিজানুর রহমান বিডিনিউজকে জানান, ষাটোর্ধ্ব ইমাম উদ্দিন মোহাম্মদ তোয়াহা বিন হাবিব রোববারই সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ইসলাম বিরোধী বক্তব্য রাখেন। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
অপরদিকে পুলিশের কয়েকজন কর্মকর্তা অবশ্য আটককৃত ব্যক্তিকে বাংলা ভাইয়ের সহযোগি হিসেবে সন্দেহ করছেন।
এ প্রসঙ্গে পুলিশ কমিশনার জানান, তোহায়ার কর্মকান্ড এবং গতিবিধি সম্পর্কে পুলিশ এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারেনি। এ কারণে তাকে ৫৪ ধারায় আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের পরে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
‘সত্যবাদের আন্দোলন’ নামে একটি ধর্মীয় রাজনৈতিক দল এর আত্মপ্রকাশ উপলক্ষ্যে রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে বক্তব্যদানকালে পুলিশের বিশেষ শাখা এসবি’র কর্মকর্তারা তাকে আটক করে। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাকে মিরপুরের বাসভবনে রেখে আসা হয়।
পরে রমনা থানা পুলিশের অপর একটি দল বিকেলে তার ২৪৮/২, মিরপুর মাজার রোডের বাসায় হানা দিয়ে তাকে গ্রেফতার করে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বিডিনিউজকে জানান, আটককৃত ব্যক্তির সাথে বাংলা ভাইয়ের কোনো সম্পর্ক আছে কি না, তা এখনও নিশ্চিত নয়। তিনিও বলেন, তার ইসলাম বিরোধী বক্তব্যকেই পুলিশ এখন প্রাধান্য দিচ্ছে।
কিন্তু আটক তোয়াহার দুই সহযোগি জামালপুরের শফিউল্লাহ হীরা এবং শেরপুরের হাবিবুল্লাহ রমনা থানায় বিডিনিউজ-এর সাথে আলাপকালে পুলিশের ওই অভিযোগ অস্বীকার করেন। তারা বলেন, তাদের নেতা কখনই ইসলাম বিরোধী কোনো বক্তব্য দেননি। তাদের দাবি, জঙ্গী নেতা বাংলা ভাইয়ের সঙ্গে তাদের আদৌ কোনো সম্পর্ক নেই।
