২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ মার্চ থেকে এসএসসি পরীক্ষা শুরু

চলতি মাসের ১০ তারিখ থেকে সাতটি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রনালয় ইতোমধ্যে নকলের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2005, 09:16 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

একই সাথে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা এবং কারিগরি বোর্ডের অধীনে ভকেশনাল পরীক্ষাও শুরু হবে।  

পরীক্ষাকে সামনে রেখে, শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, কোনও পরীক্ষার্থী পরীক্ষা হলে নকল করার সময়  ধরা পড়লে ১৯৮০ সালের পরীক্ষা আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় নকলসহ কোনও পরীক্ষাথী ধরা পড়লে তাকে বহিষ্কার করা হবে এবং আইন প্রয়োগকারি সংস্থার হাতে তুলে দেয়া হবে। এছাড়াও অসাধু উপায় অবলম্বনে সহায়তাকারী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শাস্তি হিসেবে ওই সমস্ত স্কুল ও শিক্ষকদের এমপিও বাতিল করা হবে।

চলতি বছর মোট ৭ লাখ ৫৯ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী তাদের জীবনের প্রথম সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করবে। গত বছর এ সংখ্যা ছিল ৭ লাখ ৬১ হাজার ৯৬০ জন।

মন্ত্রণালয় সূত্র জানায়, পরীক্ষা ব্যবস্থা কঠোর হওয়ায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে।

চলতি বছর ১ হাজার ৭৭৮ টি কেন্দ্রে ২৮ দিনের লিখিত পরীক্ষা শেষ হবে এপ্রিলের সাত তারিখ।

এবারের পরীক্ষায় ঢাকা বোর্ডের মোট ২ লাখ ১৯ হাজার ৫৬৭ জন, ২ লাখ ৬ হাজার ১৭৯ জন রাজশাহী বোর্ডের, ৮৭ হাজার ২১ জন কুমিল্লা বোর্ডের, ৫৮ হাজার ৮০৮ জন চট্টগ্রামে বোর্ডের, ১ লাখ ৪ হাজার ২৫১ জন যশোর বোর্ডের, ৫৪ হাজার ২১৯ জন বরিশাল বোর্ডের এবং সিলেট বোর্ডের অধীনে ২৯ হাজার ৩৬২ জন পরীক্ষার্থী অংশ নিবে।

অন্যদিকে, মাদ্রাসা থেকে ১ লাখ ৫৯ হাজার ৯০১ জন দাখিল পরীক্ষায় এবং কারিগরি থেকে ৩৬ হাজার ৫৭ জন ভকেশনাল পরীক্ষায় অংশ নিবে।

পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট এলাকায়  সংক্ষিপ্ত বিচার আদালত বসানো হবে এবং পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে 

সাধারণের প্রবেশ নিষেধ করে ১৪৪ ধারা জারি করা হবে।