দেশে মানবাধিকার লঙ্ঘনের অন্যতম কারণ অপরাধীদের শাস্তি না হওয়া
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে অপরাধীদের শাস্তি না হওয়া। বিভিন্ন মানবাধিকার সংস্থা আয়োজিত এক সেমিনারে বক্তারা শুক্রবার একথা বলেন।
মানবাধিকার রক্ষাকারী সংগঠনসমুহের যৌথভাবে আয়োজিত তিন দিনব্যাপী এ সেমিনারে বক্তারা মানবাধিকার রক্ষার জন্য প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানান।
তারা একটি স্বাধীন মানবাধিকার কমিশন গঠন, ন্যায়পাল নিয়োগ ও বিচার বিভাগ পৃথকীকরণের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং দেশের প্রায় একশটি মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা রাজধানীর ব্র্যাক-ইনে অনুষ্ঠিত এ সেমিনারে যোগ দেন।
লন্ডনে বাংলাদেশের মানবাধিকার নিয়ে কাজ করে এমন একটি সংগঠন এবং এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মকর্তা আব্বাস ফায়েজ বলেন, মানবাধিকার সংগঠনের কর্মীদের হয়রানি, গ্রেফতার, নির্যাতন ও মৃত্যু হুমকি বিষয়ে সেমিনারে আলোচনা করা হয়।
২০০৩ সালে মানবাধিকারের পক্ষে কাজ করে এমন ১০ জনের বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে।
সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহরিয়ার কবির, শ্যামলী নাসরীন চৌধুরী, জেএ আকাশ ও আজিজুল হক সেমিনারে উপস্থিত ছিলেন।
