২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি,পানি ও বনজ সম্পদের অযৌক্তিক ব্যবহারে তৃতীয় বিশ্বের অবস্থা সংকটাপন্ন: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দীন আহম্মেদ বলেছেন, বিশ্বব্যাপী প্রকৃতি ও মানুষ আজ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। পৃথিবীর মানুষ যত বাড়ছে সেই সাথে প্রাকৃতিক ভারসাম্য ক্ষুন্ন হচ্ছে। ভূমি, পানি ও বনজ সম্পদের অযৌক্তিক ব্যবহার তৃতীয় বিশ্বে ভয়াবহ অবস্থার সৃষ্টি করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2005, 03:25 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

রাষ্ট্রপতি বুধবার শেরাটন হোটেলে বাংলাদেশ জাতীয় ভূগোল সমিতি আয়োজিত একাদশ জাতীয় ভূগোল সম্মেলনে “জাতীয় উন্নয়নে ভৌগোলিক শিক্ষা ও জ্ঞানের গুরুত্ব” শীর্ষক তিনদিনব্যাপী এক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

জাতীয় ভূগোল সমিতির সভাপতি প্রফেসর জাফর রেজা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন দুর্নীতি দমন কমিশনের সদস্য প্রফেসর মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের প্রফেসর নজরুল ইসলাম। 

রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে অন্যতম প্রধান প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙ্গন, লবণাক্ততা ছাড়াও ভবিষ্যতে ভূমিকম্প এবং বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির ফলে দেশে বড় ধরনের বিপর্যয়ের আশংকা রয়েছে।

তিনি বলেন, এজন্য দেশের প্রতিটি নাগরিককে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও ভৌগোলিক জ্ঞানের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে তুলতে হবে। সভ্যতা ও প্রযুক্তির চরম উৎকর্ষের যুগে প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় আমাদের সম্মিলিত উদ্যোগ এখন জরুরি।

রাষ্ট্রপতি দুর্যোগ প্রতিরোধে সিভিল ডিফেন্সের তাৎপর্যের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ একটি বৈচিত্র্যময় কৃষি প্রধান দেশ। বর্তমানে জনসংখ্যার প্রচণ্ড চাপে দেশের কৃষি জমি হ্রাস পাচ্ছে। এর ফলে কৃষিক্ষেত্রে কর্মসংস্থান ও কৃষিপণ্যের উৎপাদন কমছে। এটা নিঃসন্দেহে দেশে খাদ্য, অর্থনৈতিক ও রাজনৈতিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এমতাবস্থায় দেশে জরুরি ভিত্তিতে ভূমি ব্যবহার নীতি প্রণয়ন করা দরকার।

রাষ্ট্রপতি আরও বলেন, সীমিত সম্পদ ও ভূমিকে কাজে লাগিয়ে পরিকল্পিত নগরায়ন একটি বড় চ্যালেঞ্জ। তিনি ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে বাড়ি-ঘর নির্মাণ না করে প্রত্যন্ত অঞ্চলে গুচ্ছগ্রাম গড়ে তোলার পরামর্শ দেন।

এর আগে বাংলাদেশ জাতীয় ভূগোল সমিতির পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।