২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ উৎপাদনে দাম নির্ধারণ পদ্ধতির খসড়া প্রণয়ন করেছে বিইআরসি

বিদ্যুৎ উৎপাদনে দাম নির্ধারণ পদ্ধতি কি হবে তার একটি খসড়া প্রণয়ন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 06:49 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

মোট বিনিয়োগ, পরিচালনা ব্যয়, অবচয় ইত্যাদির ওপর নির্ভর করে এই খসড়া প্রণয়ন করা হয়েছে। তবে বিনিয়োগকারীর লভ্যাংশ কত হবে সেটা সুনির্দিষ্ট করে বলা হয়নি।

খসড়ার উপর মতামত নেওয়ার জন্য বুধবার স্থানীয় এক হোটেলে ইউএসএআইডি এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রেগুলেটরি ইউটিলিটি কমিশনার (নারুক) এর সহায়তায় বিইআরসি আয়োজিত এক কর্মশালায় জ্বালানি খাতের বিভিন্ন কোম্পানির প্রতিনিধি এবং দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

এসময় উপস্থাপিত দাম নির্ধারনী পদ্ধতি বিষয়ক নিবন্ধে এই নীতি কত দিনের মধ্যে চূড়ান্ত করা হবে তা সুনির্দিষ্টভাবে বলেনি বিইআরসি। তবে জানানো হয়েছে, এই খসড়া সেক্টরের সকলের মতামত নেয়ার জন্য পাঠানো হবে। তাদের মতামতের উপর নির্ভর করে বিইআরসি একটি চূড়ান্ত খসড়া প্রণয়ন করবে।

অনুষ্ঠানে বিইআরসি চেয়ারম্যান মজিবুর রহমান খান, সদস্য মো. মোশাররফ হোসেন এবং মো. শওকত হোসেন, ইউএসএআইডি’র এ্যান উইলিয়মিস এবং নারুক’র জেসন ক্রেজ বক্তব্য রাখেন।

মোশাররফ হোসেন জানান, এখন পর্যন্ত এনার্জি রেগুলেটরি কমিশন বিদ্যুৎ উৎপাদনের জন্যে ছয়টি বেসরকারি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে। আরো চারটি লাইসেন্স দেওয়ার বিষয় বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার ছোট আকারের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নীতিমালা করার পরও সেখান থেকে সরে এসেছে। বর্তমানে দরপত্রের মাধ্যমে উদ্যোক্তা এবং ট্যারিফ নির্ধারণের কাজ চলছে। এটাতে তারা হস্তক্ষেপ করছেন না।