২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার আমদানিকারকদের ভর্তুকির বকেয়া অর্থ ছাড়ের সিদ্ধান্ত

সার আমদানিকারকদের ভর্তুকি বাবদ বকেয়া ৬৬ কোটি টাকা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বুধবার এ সিদ্ধান্ত নেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 05:29 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

এসময় ভবিষ্যতে সরকারের দেওয়া ভর্তুকির অর্থ কৃষকদের কাজে যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়। ঢাকায় জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে সরকারি সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) নেতৃবৃন্দ।

সরকার ও আমদানিকারকদের ইতিবাচক মনোভাবের কারণে সার নিয়ে দেশে সাময়িকভাবে সৃষ্ট সংকটের নিরসন হলো বলে ধারণা করা হচ্ছে।

অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া ও কৃষিমন্ত্রী এমকে আনোয়ারসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এতে শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর যোগ দেওয়ার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাইফুর রহমান সাংবাদিকদের জানান, কৃষি মন্ত্রণালয় থেকে সার আমদানিকারকদের ভর্তুকি বাবদ বকেয়া ৬৬ কোটি টাকা পরিশোধের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই অর্থ মন্ত্রণালয় এ অর্থ ছাড় দেবে।

তবে ভবিষ্যতে একই ধরনের সার আমদানি করতে আমদানিকারকদের ভিন্ন ভিন্ন দরের বিষয়টি পরীক্ষা করে দেখা হবে।

তিনি বলেন, আমদানিকারকরা একই ধরনের সার আমদানির ক্ষেত্রে কোথাও ১৬০ ডলার ও কোথাও ২১৬ ডলার দর দেখিয়েছে। এ দরের পার্থক্যের কারণ খতিয়ে দেখতে একটি কমিটি কাজ করছে। কমিটির রিপোর্টের ভিত্তিতেই ২৫ শতাংশ ভর্তুকির বিষয়টি নির্ধারণ করা হবে।

অর্থমন্ত্রী বলেন, সরকার এখন থেকে বিসিআইসি ও বিএডিসির মাধ্যমে কিছু কিছু সার আমদানি করবে। একই সাথে ব্যক্তি বা বেসরকারি পর্যায়েও সার আমদানি অব্যাহত থাকবে। সরকারের বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। ভর্তুকির অর্থ যেনো কৃষকরা পায়, তা নিশ্চিত করা হবে।

সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএফএ সভাপতি কফিলউদ্দিন আহমেদ বিডিনিউজকে জানান, সরকারের এ সিদ্ধান্তে সৃষ্ট সংকটের সমাধান হবে। আমদানিকারকরা এ দেশেরই সন্তান। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা কাজ করতে চাই। সরকারি কর্মসূচি বাস্তবায়নে সরকারকে সহায়তা করতে চাই।