পূর্ণ উৎসব ভাতার দাবি করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি
বেসরকারি স্কুলের শিক্ষক ও কর্মচারিদের এবারও পূর্ণ উৎসব ভাতা দেওয়া হচ্ছেনা বলে বাংলাদেশ শিক্ষক সমিতি অভিযোগ করেছে।
সমিতির সভাপতি আজিজুল হক বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জানান, শিক্ষক প্রতি উৎসব ভাতা বাবদ ৪৪৪ টাকা ৩৭ পয়সা বরাদ্দ দেওয়া হয়েছে যা মূল বেতনের মাত্র ২২ দশমিক ৫ শতাংশ।
“এ টাকা দিয়ে কি কোরবানি করা সম্ভব না পরিবার পরিজন নিয়ে ঈদ করা যায়?” প্রশ্ন করেন তিনি।
তিনি বলেন, গত ঈদুল ফিতরের সময় শিক্ষা মন্ত্রীর ঘোষণা ছিলো এবারের কোরবানি ঈদ থেকে বেসরকারি শিক্ষক, কর্মচারিদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানে তিনি আন্তরিক। কিন্তু, বাস্তবে তা হচ্ছে না।
সংবাদ সম্মেলনে ২ জানুয়ারির মধ্যে শিক্ষক - কর্মচারিদের পূর্ণ উৎসব ভাতা প্রদানের ঘোষণা না করলে ৪ জানুয়ারি সকল জেলায় কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব খান মোশাররফ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান।
