২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরণ অনশন শুরু করেছেন বেসরকারি প্রাথমিক শিক্ষকরা

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের বিদ্যালয় ও চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে মঙ্গলবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে ২০ জন শিক্ষক কাফনের কাপড় পরে অনশন শুরু করেছেন। তাদের ঘিরে আছেন আরও কয়েক শত শিক্ষক।

সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে বেসরকারি শিক্ষকরা সরকারকে আলটিমেটাম দিয়ে বলেন, মঙ্গলবার সকাল ১০টার মধ্যে তাদের দাবি মেনে না নিলে আমরণ অনশনের মধ্য দিয়ে তারা আত্মাহুতি দেবেন।

সোমবার থেকে তারা অবস্থান ধর্মঘটও শুরু করেছেন। সারা দেশের প্রায় এক হাজার শিক্ষক যোগ দিয়েছেন এ ধর্মঘটে। শিক্ষকরা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের যে কর্মসূচি নিয়েছিলেন, বুধবার সকাল পর্যন্ত তা স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী ঢাকার বাইরে অবস্থান করায় এ কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। শিক্ষকরা বুধবার বেলা ১১টায় এ কর্মসূচি পালন করবেন।

এর আগে সোমবার সকালে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের করেন। মিছিল মুক্তাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে তারা এক ঘণ্টার অবস্থান ধর্মঘট পালন করেন এবং পরে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে আসেন।

গত কয়েক বছর ধরে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা তাদের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন।

বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাজি মো. আক্কাস আলী বলেন, আমাদের দাবি না মানলে আমরা এখানে অনশন করতে করতে মরে যাব। আমরা মৃত্যুর জন্যে প্রস্তুত।

সমিতির নেতারা বলেন, বিএনপি নেতা মফিদুল ইসলাম তৃপ্তি কর্মসূচিতে যোগ দেননি। আমরা তাকে বহিষ্কার করেছি।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন-- সমিতির সহসভাপতি আবু বকর সিদ্দিক, সোলায়মান বাবুল ও আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন খন্দকারসহ বিভিন্ন জেলা ও উপজেলার সভাপতিগণ।