নারায়ণগঞ্জে জেএমবি’র মূল সমন্বয়ক ও আত্মঘাতীসহ ৪ জন গ্রেপ্তার
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) নারায়ণগঞ্জ জেলার মূল সমন্বয়কসহ আত্মঘাতী দলের তিন সদস্য এবং তাদের এক সহযোগীকে জেলার পশ্চিম মাজদাইর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব তাদের আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং জেহাদী বইও উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে মাজদাইলের এর একটি মেসে অভিযান চালিয়ে প্রথমে জেএমবি’র আত্মঘাতী দলের সদস্য (ইহসার) রফিকুল ইসলাম ওরফে সোয়েবকে (২০)কে গ্রেপ্তার করা হয়।
তার ভাড়া বাসার গোপন কক্ষে রাখা একটি কাঠের বাক্স থেকে র্যাব--১০ এর সদস্যরা প্রায় ১০ কেজি বিস্ফোরক উদ্ধার করে। প্রতিটি কন্টেইনারে এক কেজি ওজনের এমোনিয়াম নাইটেট্র লুকানো ছিল বলে র্যাব জানায়। এছাড়া তার আস্তানা থেকে ২৯০টি জেহাদী বই, একটি ছুরি এবং একটি রামদা উদ্ধার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত রফিকুলের পিতার নাম সিদ্দিকুর রহমান। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার নারায়ণপুর থানার আদিয়াবাদ উত্তরপাড়া গ্রামে।
রফিকুলের দেওয়া তথ্য অনুযায়ী র্যাব সদস্যরা একই এলাকায় অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের জেএমবি’র মূল সমন্বয়ক জিয়াউর রহমান তানভীর ওরফে সাহেদ (২৫)সহ আত্মঘাতী দলের আরও দু’জন সদস্য এবং এক সহযোগীকে গ্রেপ্তার করে। তানভীরের পিতার নাম সুলতান উদ্দিন। তার বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে গ্রামের।
অপর গ্রেপ্তারকৃতরা হলো-- আত্মঘাতী দলের জিয়ারুল ইসলাম ওরফে উমাইদা (২২) এবং তার সহযোগী আবুল কালাম।
জিয়ারুল ইসলামের পিতার নাম মৃত সুলতান হোসেন। সে টাঙ্গাইল জেলার কালিহাতির বাসিন্দা এবং আবুল কাশেমের পিতার নাম আবুল কালাম। সে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে তানভীর জানায়, সে জেএমবি’র নারায়ণগঞ্জের সমন্বয়কারীর দায়িত্ব পালন করে।
সে আরও জানায়, ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলায় সে নারায়ণগঞ্জের নয়টি স্থানে বিস্ফোরণ ঘটায়। এ কাজে মোট পাঁচজন ইহসার অংশগ্রহণ করার কথা থাকলেও তিনজন অংশগ্রহণ করে।
