সাফটা কার্যকর হলে বাংলাদেশের রপ্তানি বাড়বে চারগুণ
দক্ষিণ এশীয় অঞ্চলে মুক্তবাণিজ্য সংক্রান্ত চুক্তি সাফটা কার্যকর হলে বাংলাদেশের রপ্তানি আয় চারগুণ বেড়ে যাবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
ডেভেলপমেন্ট রিসার্স নেটওয়ার্কের (ডিনেট) নির্বাহী পরিচালক অনন্য রায়হান বিডিনিউজকে বলেন, ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে সাফটা কার্যকর হলে বাংলাদেশের রপ্তানি আয় এখনকার চেয়ে তিন থেকে চার গুণ বাড়তে পারে।
অনন্য রায়হান তার ‘সাফটা এবং এর নেপথ্যে’ শীর্ষক গবেষণার আলোকে জোর দিয়ে বলেন, আঞ্চলিকভাবে বিপণনযোগ্য পণ্য উৎপাদনের সক্ষমতার কারণে এ চুক্তির ফলে নেপাল, ভুটান এবং মালদ্বীপের মতো স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ বেশি লাভবান হবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিডিপি) পরিচালক ও গবেষক মোস্তাফিজুর রহমান ভিন্ন মত প্রকাশ করে বলেন, বৃহত্তর একটি আঞ্চলিক বাজারে উৎপাদিত পণ্য সরবরাহের ক্ষেত্রে দৃঢ়তা না থাকলে বৃহত্তর রপ্তানি বৃদ্ধি আশা করা যায় না।
তিনি বলেন, আমি মনে করি না যে এত অল্প সময়ের মধ্যে আমাদের রপ্তানি চারগুণ বাড়বে।
সাফটার সম্ভবনাকে কাজে লাগাতে দেশে স্থানীয় ও বিদেশি বিনিযোগ আরও বাড়াতে হবে।
অন্যদিকে রায়হান বলেন, ভারতের সাথে পাল্লা দিয়ে আঞ্চলিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমাদের স্থানীয় উৎপাদকরা যথেষ্ট সক্ষম।
তিনি বলেন, সাফটা (সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট) কার্যকর হলে পোশাক, সিরামিক, প্রসাধনী, রূপান্তরিত প্লাস্টিক ও মেলামাইন পণ্য, টয়লেট্রিজ, ব্যাটারি, গাড়ির ব্যাটারি, সিমেন্ট এবং কাঠের আসবাবপত্রের রপ্তানি পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়বে।
বিশেষ করে ভারতে রপ্তানি বৃদ্ধির ফলে ঢাকার সাথে নয়াদিল্লির বাণিজ্য ঘাটতির পরিমাণও কমে আসবে বলে তিনি মত প্রকাশ করেন।
সংশ্লিষ্ট কার্যালয়ের পরিসংখ্যান থেকে জানা যায়, ২০০৪-০৫ অর্থবছরে বাংলাদেশ ভারতে রপ্তানির মাধ্যমে বাংলাদেশের আয় ১৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের বিপরীতে আমদানি ব্যয় দুই শ’ কোটি মার্কিন ডলার।
রায়হান আরও জানান, ভারত থেকে বাংলাদেশের বিপুল পরিমাণ আমদানির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শুল্ক আয়ের স্তর অনেক নেমে গেছে। বাংলাদেশ ইতোমধ্যে ভারতে রপ্তানির পরিমাণ বাড়িয়েছে। এর ফলে এখন আর ভারতের রপ্তানির ক্ষেত্রে একচেটিয়া প্রভাব থাকছে না।
অল্প সময়ের ব্যবধানে ভারত থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ তিন বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াতে পারে বলে তিনি ধারনা ব্যক্ত করেন।
সাফটা কার্যকর হওয়ার ফলে ভারত, নেপাল ও শ্রীলঙ্কায় বাংলাদেশের রপ্তানি বাড়বে, তবে পাকিস্তানের রপ্তানির বিষয়টি এর আওতায় আসে না।
শ্রীলঙ্কা ও মালদ্বীপের ক্ষেত্রে বাংলাদেশ বাণিজ্যিক ক্ষেত্রে ছাড় সুবিধা ভোগ করছে।
এমসিসিআই’র (মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) বিদায়ী সভাপতি কুতুবুদ্দিন আহমেদ বিডিনিউজকে বলেন, আমাদের রপ্তানি বৃদ্ধি পাবে, কিন্তু সাফটার আলোচনা ফলপ্রসূ হওয়ার ওপর তা নির্ভরশীল।
তিনি বলেন, বাংলাদেশের কম দামি তৈরি পোশাকের অন্যতম ক্রেতা হতে পারে ভারতের মধ্যবিত্ত শ্রেণী। এটি আঞ্চলিক বাজারে প্রতিযোগিতার সৃষ্টি করবে। এক্ষেত্রে সাফটার নীতিমালা অনুযায়ী স্থানীয় মূল্য সংযোজন কর ২৫ শতাংশ বেড়ে গেলে আঞ্চলিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির যে প্রত্যাশা তা পূর্ণ হবে না।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি ফজলুল হক বলেন, দাম ও গুণগত মানের দিক থেকে আমাদের পণ্য প্রতিযোগিতা করতে সক্ষম। তাই আমরা আঞ্চলিক বাজারে প্রতিযোগিতা করতে পারব।
সার্ক চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (এসসিসিআই) পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, সাফটা কার্যকর হওয়ার ফলে আঞ্চলিক বাণিজ্যের পরিমাণ চার শতাংশ বাড়বে এবং আন্তঃআঞ্চলিক বাণিজ্যের পরিমাণ দাঁড়াবে বিশ্ব বাণিজ্যের ৫০ শতাংশ।
যেখানে এ অঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্যের মোট পরিমাণ ৩৫০ বিলিয়ন ডলার, সেখানে স্থানীয় দেশগুলোর বাণিজ্যের পরিমাণ সাত বিলিয়নেরও কম।
সাফটার মাধ্যমে আঞ্চলিক বাজারকে ৬১০ বিলিয়নের একটি বাজারে রূপান্তরের প্রত্যাশা করা হচ্ছে।
