২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর মিরপুর থেকে অপহৃত শিশু নীলফামারীতে উদ্ধার: ৩ অপহরণকারী গ্রেপ্তার

রাজধানীর মিরপুর থেকে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত সাত বছরের এক শিশুকে নীলফামারীতে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 04:44 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

সৈয়দপুর শহরের শহীদ ডাক্তার জিকরুল হক সড়কে রোববার রাতে বাবুল পরিবহনের কাউন্টার ঘেরাও করে পুলিশ জাপান প্রবাসী আবুল হাসেম তালুকদারের শিশুপুত্র সিয়ামকে উদ্ধার এবং তিন অপহরণকারীকে গ্রেফতার করে।

রাজধানীর পলাশ নগর মডেল স্কুলের কেজি ওয়ানের ছাত্র ইমতিয়াজ ফয়সাল সিয়ামকে শনিবার একই এলাকার রুবেল (২১), মাসুম (১৯) ও রাজু (২০) মিরপুর পলাশনগর সেকশন--১১, ব্লক--ই, প্লট--১২ নম্বরের বাড়ি থেকে অপহরণ করে।

অপহরণকারীরা টেলিফোনে তার মা ইয়াসমিন তালুকদারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ব্যাপারে সিয়ামের মা ইয়াসমিন তালুকদার পল্লবী থানায় রোববার একটি মামলা করেন। পল্লবী থানা পুলিশ অপহরণকারী রুবেলের পিতা আবদুর রহিম, মা ফুলমালা, মাসুমের পিতা তারা মুন্সি, মা হালিমা, রাজুর পিতা আসলাম ও মা হামিদাকে আটক করলেও অপহরণকারীদের ধরতে পারেনি।

অপহরণকারীরা দিনাজপুর জেলার পার্বতীপুরের সোনাপুর বানিয়াপাড়ায় রাজুর গ্রামের বাড়িতে আত্মগোপন করে থাকার পর সিয়ামকে ঢাকা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বাবুল পরিবহনের সৈয়দপুর কাউন্টারে আসে।

অপহরণকারী রাজু বাসের চারটি টিকেট কাটলেও একটি সিট অন্যত্র চাওয়ায় কাউন্টারের লোকজনের সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি পুলিশকে জানায়।

ইতোমধ্যে সৈয়দপুর শহরের একটি অডিও ক্যাসেটের দোকানে সস্ত্রীক অবস্থানরত পুলিশ সুপার শোয়েব আহমেদ ডিএমপি থেকে দিনাজপুর পুলিশ সুপারকে পাঠানো ঢাকার পল্লবী থানায় দায়ের হওয়া সিয়াম অপহরণ সংক্রান্ত মামলার ম্যাসেজ ওয়াকিটকিতে শুনতে পান। এবং তিনি সৈয়দপুর থানার পুলিশ নিয়ে বাবুল পরিবহনের কাউন্টার ঘেরাও করে তিন অপহরণকারীকে ধরে ফেলেন।

খবর পেয়ে মামলার আইও পল্লবী থানার এসআই জাহাঙ্গির আলম সিয়ামের চাচা ইব্রাহীম তালুকদার ও মামাতো ভাই মশিউর রহমান শাওনকে নিয়ে সোমবার সকালে নীলফামারী আসেন। পুলিশ সুপার শোয়েব আহমেদ সিয়ামকে তাদের কাছে হস্তান্তর করেন।