২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষ্ণকালো শ্যাম ক্লোজআপ ওয়ান নোলক বাবু

সব মানুষই কম বেশি স্বপ্ন দেখে। কখনও আকাশ ছোঁয়ার মত অসম্ভব বাসনাও জাগে মনে। ছোটবেলায় দূরে ওই দিগন্তে যেখানে আকাশটা মিশে গেছে বলে মনে হতো, সেখানে কে না ছুটে যেতে চেয়েছে? কিন্তু হায়! সে ছোটা ছিল কেবলি ছুটে চলা; আকাশের ঠিকানা মেলেনি কখনও। মেলেওনা কারো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 03:50 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

না, কথাটা হয়তো পুরোপুরি সত্য নয়। আসলে সবার এই ছুটে চলা ব্যর্থ হয় না। অবশ্যই কেউ না কেউ ঠিকই খুঁজে পায় আপন আকাশের সেই ঠিকানা।

এই রহস্যটিই কি জানতো জামালপুরের অতি দরিদ্র পরিবারে ছেলে নোলক? যদি না--ই জানবে সে, তাহলে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া, কেবল গান শুনে যার গান শেখা, মফস্বলের সেই ছেলে কীভাবে সাহস করে আকাশ ছোঁয়ার মতো স্বপ্ন দেখার? সারা দেশের হাজার হাজার গান জানা ছেলে--মেয়ের মাঝে নিজেকে এক নম্বরে নিয়ে আসার?

ফিরে দেখা

ময়মনসিংহ অঞ্চলে ক্লোজআপ ওয়ানের অডিশন রাউন্ডে জামালপুর থেকে আসা তিনজনের একজন নোলক ছিলো অতি সাধারণ এক ছেলে, যার স্বপ্ন, সে--ই হবে ক্লোজআপ ওয়ান। কিন্তু ক্লোজআপ ওয়ানের অডিশন রাউন্ডে আসার সময় তার ছিলো না একটি ভাল শার্ট আর একটি প্যান্ট আর যাতায়াত খরচতো অবশ্যই। তার শুভাকাক্সিক্ষ জামালপুরের পুলিশ সুপার একটি শার্ট আর একটি প্যান্ট কিনে দিলে সেটি পরে আসে সে এই অনুষ্ঠানে। তখন কে জানতো, অসাধারণ গানের প্রতিভা, দরিদ্র পরিবারের এই সাধারণ ছেলেটি হয়ে সত্যি সত্যি জয় করে নেবে লাখ লাখ গান প্রিয় মানুষের হৃদয়? প্রথমটায় তাকে দেখেও বোঝার উপায় ছিলো না, এই ছেলেটিই একের পর এক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সতীর্থদের ডিঙিয়ে পৌঁছে যাবে বিজয়ের ঠিকানায়। ময়মসিংহের সেই অডিশন রাউন্ডে সকাল গড়িয়ে দুপুর পার হতে চলছিলো। ক্লোজআপ ওয়ান হতে অডিশনে আসা অংশগ্রহণকারীরা এক এক করে তাদের গান শুনিয়ে বিচারকদের খুশি করতে পারছিলো না কেউ। প্রশ্ন উঠলো, তাহলে কি ময়মনসিংহ অঞ্চল থেকে কেউ যাবে না ঢাকায়?

এরকম অবস্থায় এতো বড় আয়োজনে আসা নোলকের মতো একটি ছেলে গুটিয়ে থাকে নিজের মধ্যে। অজানা এক ভয় ঢেকে রাখে তাকে। তার ওপর তার বেশভুষা ও আচার আচরণ ছিলো এত বেশি সাধারণ, তাকে নিয়ে কারো মধ্যেই ছিলো না এতটুকু আগ্রহ।

এক সময় আসে নোলকের পালা। ভয়, লজ্জা ঝেড়ে অসম্ভব আত্মবিশ্বাস নিয়ে ক্লোজআপ ওয়ান’র স্টেজে উঠে গেয়ে উঠলো ‘মা আমার আগে যেও নাকো মরে...’, পরে ‘সুয়া চান পাখি...’। হতবাক হয়ে বিচারকরা তার গান শোনেন। এতো দরদি গলা! এতো আবেগ এই কালো ছেলের বুকের মধ্যে লুকিয়ে আছে! এই ছেলেকে খুঁজতেই তো ইউনিলিভার ও এনটিভি’র এতো বড় আয়োজন। তাই সে রাউন্ডে ময়মনসিংহ থেকে বিচারকরা প্রথম খুঁজে নিলেন তাদের কাক্সিক্ষত একজনকে। তারপর আরও ১০ জন ‘ঢাকার ভিসা’ পেলেও বিচারকদের নজরে ছিলেন ওই কৃষ্ণকালো পাতলা গঠনের লাজুক ছেলেটি; নোলক বাবু যার নাম; আমাদের আজকের ক্লোজআপ ওয়ান। তারপর...

শুধুই এগিয়ে চলা

অডিশন ও সিলেকশন রাউন্ড পেরিয়ে ৪০ হাজার অংশগ্রহণকারীর মধ্য থেকে বাছাই করা ১১০ জনের একজন হয়ে নোলক চলে আসে ঢাকায়। এরপর ক্লোজআপ ওয়ান--এর আয়োজক দলের তত্ত্বাবধানে থেকে দেশের বিশিষ্ট সংগীত শিল্পীদের মাধ্যমে চলে তার গানের সংক্ষিপ্ত প্রশিক্ষণ। প্রথাগত সংগীত শিক্ষার বাইরের এই ছেলে প্রশিক্ষকদেরও তাক লাগিয়ে দেয় তার গানের প্রতিভা দেখিয়ে। তখনই ক্লোজআপ ওয়ান--এর প্রধান তিন বিচারক-- আহমেদ ইমতিয়াজ বুলবুল, কুমার বিশ্বজিৎ আর শাকিলা জাফর গর্ব ভরে বলেছিলেন ‘এই আয়োজনের বড় অর্জন নোলক, বিউটির মতো সংগীত প্রতিভাকে খুঁজে পাওয়া’। তখনও বোধ হয় তারা জানতেন না, এই নোলকই হবে এক সময় তাদের কাক্সিক্ষত একজন-- ‘ক্লোজআপ ওয়ান’।

সময় যতই গড়াচ্ছিলো, ততই সে মেলে ধরছিলো নিজেকে। সেরা ষোল’র পর সেরা দশ, তারপর পাঁচ, তিন-- এর ‘এক’ হয়ে শেষ ‘একজন’ বনে যায় সে। এরই মাঝে ফোক, আধুনিক, মৌলিক, ব্যান্ড আর দেশাত্মবোধক গানের রাউন্ডে একের পর এক করে সে রাখলো তার প্রতিভার স্বাক্ষর। বাংলা ছবির জনপ্রিয় গান ‘চোখের জলে আমি..’, বারি সিদ্দিকীর অত্যন্ত জনপ্রিয় গান ‘আমার গায়ে যত দুঃখ সয়..’, আধুনিক গান ‘মেঘে ভাঙা রোদ, নিল প্রতিশোধ..’ আরেক জনপ্রিয় আধুনিক গান ‘তারা ভরা রাতে..’, ‘সর্বনাশা পদ্মা নদী..’র মতো পল্লী গীতি, পার্থর জনপ্রিয় ব্যান্ডের গান ‘তবুও জীবন যাচ্ছে কেটে..’ গেয়ে প্রমাণ করো দিলো এ নোলক সাধারণ নোলক নয়। সব ধরনের গানেই সে সমান দক্ষতা দেখাতে পারে। বিশেষ করে পার্থর গানটি গেয়ে রীতিমতো চমক লাগিয়ে দেয় সে সকলের মাঝে। এনটিভির লাখ লাখ দর্শক শ্রোতার হৃদয় মন জয় করে নেয় তখনই। শেষ রাউন্ডে এসে কঠিন এক দেশাত্মবোধক গান ‘আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে..’ গাওয়ার পর বাঁধভাঙা এসএমএস পড়তে থাকে নোলকের নামে। এতো দর্শক শ্্েরাতার ভালবাসা কি বৃথা যেতে পরে?

পৌনে আট লাখ ভোট পেয়ে রাজিব আর বিউটিকে অনেক পেছনে ফেলে নোলক জয় করে নেয় বিজয়ের শাশ্বত সেই সুখ। গত আগস্টে অনুষ্ঠিত ময়মনসিংহের অডিশন রাউন্ডে যে নোলক ছিলো ঊনিশ বছরের সাদামাটা এক কিশোর মাত্র, মিডিয়ার সাথে কথা বলায় ছিলো অসম্ভব জড়তা, ছয় মাসের ব্যবধানে সে আজ দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সারা দেশে তার অসংখ্য ভক্ত শ্রোতা তাকে শুভেচ্ছা জানাচ্ছে। মিড়িয়াজুড়ে তাকে নিয়ে চলছে তুমুল হইচই। তার নিজের আবাসভূমি জামালপুর জুড়ে সকলের মুখে এখন এক নাম ‘নোলক’, ‘নোলক বাবু’। আজ দেশজুড়ে তারকা বনে যাওয়া নোলক আগে থেকেই তারকা বনে ছিলো জামালপুরে। গত কয়েকবছর ধরে কেবল গান শুনিয়ে সে সব শ্রেণীর মানুষের কাছে সমান জনপ্রিয় হয়ে আছে। কিন্তু প্রশ্ন থেকে যায় সকলের মনে, কী করে সম্ভব ছিলো তার মতো একটি ছেলের এতো বড় বিজয় অর্জন?

নোলকের কথা

‘আমি যেদিন বাড়ি থেকে মাকে সালাম করে বের হয়ে আসি, সেদিনই আমার লক্ষ্য ছিলো, ক্লোজআপ ওয়ান হয়ে মায়ের কাছে ফিরবো। আমি সব সময়ই চেষ্টা করেছি, সে লক্ষ্যে গান গাইতে। জানিনা কতটুকু পেরেছি। অবশ্য প্রতি রাউন্ডেই গান গাওয়ার পর বিচারকদের মতামতের সময় একটু ভয় পেতাম। তবে স্টেজে উঠে গান গাওয়ার সময় কখনও মনে হয়নি, আমার মধ্যে ভয়--ডর বলে কিছু আছে। আত্মবিশ্বাস ছিলো, আমি ভাল গাইবোই।’

আবেগআপ্লুত কন্ঠে বলে চলে নোলক, ‘আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, তিনি আমাকে একটা সুন্দর কন্ঠ দিয়েছেন আর দর্শক--শ্রোতারা, যারা আমাকে প্রতিবারই সামনে চলার প্রেরণা জুগিয়েছেন, টাকা খরচ করে কষ্ট করে আমাকে এসএমএস করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কারণ তাদের ভোট ছাড়া আমি ক্লোজআপ ওয়ান হতে পারতাম না’

এরপর স্মৃতির অ্যালবাম হাতড়ে সে বলে যায় তার অতীতের কিছু না বলা কথা, ‘আমার গান শেখার সুযোগ ছিলো না। রাস্তার পাশের দোকানে বাজানো গান আমি মনোযোগের সঙ্গে শুনতাম। সেই শুনে শুনে নিজে নিজে একসময় গাইতে শুরু করি। সেই গান শুনে এক সময় জেলা শিল্পকলার এক কর্মকর্তা আমাকে শিল্পকলায় গান শেখার ব্যবস্থা করে দেন। কিন্তু নিয়মিত গান শেখা সেখানেও সম্ভব হয়নি। ক্লোজআপ ওয়ানের কথা যখন পত্রিকা এবং টিভিতে প্রকাশিত হলো, শিল্পকলা থেকেই এক ভাই তার নিজের উদ্যোগে আমার নাম রেজিস্ট্রেশন করে দেন’।

নোলক জানায়, রেজিস্ট্রেশনের সময়ই নোলক হয়ে যায় নোলক বাবু। নোলক তার প্রথম মঞ্চে গান করার কথা স্মরণ করে বলে, ‘আমি ভুলতে পারি না আজ থেকে ৭/৮ বছর আগের সেই দিনটির কথা, যেদিন জামালপুরে বৈশাখী মেলায় হাজার হাজার মানুষের সামনে খালি গলায় গান গাইলাম। একেবারে খালি গলায়, একটা হারমোনিয়াম বা তবলা--ঢোল ছিলো না। কিন্তু আমার সে গান শুনে মেলায় আসা অনেকেই সেদিন তাদের কেনাকাটা ফেলে স্টেজের কাছে চলে আসে। অথচ শুরুতে মেলা কর্তৃপক্ষ আমাকে গান করতেই দিতে চাইছিলেন না। কিন্তু গান গাওয়ার পর সবাই তার প্রিয়জনের জন্যে কেনা ভালবাসার ফুল যখন আমাকে দিয়ে যাচ্ছিলেন, সে ভালবাসা আমাকে বিমোহিত করে ফেলে। এসব অনুষ্ঠানে কেউ শিল্পীকে সাধারণত টাকা দেয় না। কিন্তু অবাক হলাম, মানুষ আমার গান শুনে অনেক টাকা দিলো। জামালপুরবাসীর সেই ভালবাসার প্রতিদানে আমি আজ স্বপ্নের ঠিকানায়। আমি তাদের ঋণ কখনওই শোধ করতে পারবো না’।

নোলক তো তার প্রথম স্বপ্নটির নাগাল পেলো। এরপর কী হবে?

নোলকের স্বপ্নের ঠিকানা

নোলক জানালো, এখন সে ভালোভাবে পড়াশোনা করা ছাড়া আর কিছূ ভাবছে না। দশম শ্রেণীর ছাত্র নোলকের ইচ্ছে, তার পড়াশোনা চালিয়ে যাওয়া। ক্লোজআপ ওয়ান হয়ে সে যে ১০ লাখ টাকা জিতে নিয়েছে, সে টাকা সে তার পড়াশোনা, গান শেখার কাজে ব্যয় করবে। আর এবারে তার স্বপ্ন হলো তার মাকে ঢাকায় এনে রাখা। ক্লোজআপ ওয়ান নোলক চায় তার মা সব সময়ই থাকবে তার সঙ্গে। কিন্তু তারও পরে..

বিজয়ে হবে দেখা

ভবিষ্যৎ নিয়ে এখনই নোলকের কোনও ভাবনা নেই, ‘আমি ভবিষ্যৎ নিয়ে এখনই চিন্তিত নই। আমাকে অনেক দূর যেতে হবে। দর্শক শ্রোতা আর আল্লাহর রহমত আমাকে এখন যে পথে এনে দাঁড় করিয়েছে, সে পথ কেবলি সামনে চলার। আমি সেই পথ চলতে আরও প্রস্তুতি নিতে চাই। এখানেই থেমে থাকতে চাইনা। আমি জানি, এই বিজয়ই আমার জন্যে শেষ ঠিকানা নয়। যেদিন আরো ভাল গান গেয়ে আমার দর্শক শ্রোতাদের ভালবাসার প্রতিদান দিতে পারবো, সেখানেই আমার বিজয়। জানি, আমার সেই বিজয়ের পথে সঙ্গী হবেন সবাই।

এই চলার পথে আমার সম্মানিত বিচারকদের উপদেশ পথের পাথেয় হয়ে থাকবে। কখনও যদি বিপথে চলে যাই, জানি তাদের উপদেশ স্মরণ করলেই আমি সঠিক পথে আসতে পারবো’।