২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে ৮ জেএমবি গ্রেফতার, ১ম লিড

দেশের বিভিন্ন স্থানে জঙ্গি সন্দেহে গ্রেফতার ও ধরপাকড় অব্যহত আছে। র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে খুলনা, চাঁপাই নবাবগঞ্জ, নড়াইল, বাগেরহাট ও গাজিপুর জেলা থেকে অন্তত: আটজন সন্দেহভাজন জেএমবির সদস্যকে গ্রেফতার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 09:05 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

বিডিনিউজের খুলনা প্রতিনিধি জানান, হাবিবুর রহমান ওরফে ইসমাইল নামে জেএমবি’র এক সদস্যকে খুলনায় গ্রেফতার করা হয়। র‌্যাব সদস্যরা তাকে শনিবার সন্ধ্যায় বিএল কলেজ এলাকা থেকে গ্রেফতার করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে সে নিজেকে জেএমবির একজন ‘এহসার’ (সক্রিয় কর্মী) বলে স্বীকার করে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়।

সে জামালপুর সদর থানার চর চড়শী এলাকার মো. মজিবুর রহমানের ছেলে। ইসমাইল জামালপুর থেকে অত্মগোপন করে সম্প্রতি খুলনা আসে।

বিডিনিউজের চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি জানান,  জেলা সদর ও শিবগঞ্জ উপজেলা থেকে পুলিশ ও র‌্যাব জেএমবি’র তিন সদস্যকে গ্রেফতার করেছে। শুক্র ও শনিবার রাতে পৃথক অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর গ্রাম থেকে নাসিরুল ইসলাম (২০) নামের এক সক্রিয় জেএমবি সদস্যকে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ গ্রেফতার করে। আব্দুল ওহাবের ছেলে নাসিরুল পুলিশের তালিকভুক্ত জেএমবি’র সক্রিয় সদস্য।

এদিকে র‌্যাব শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন থেকে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করে। এরা হলো-- পারদিলালপুরের আব্দুল করিম (২৯) ও ধোবরা গ্রামের আবু হাসান ওরফে মালা (৩৩)। র‌্যাব সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দু’জন জেএমবি’র সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

বিডিনিউজের নড়াইল প্রতিনিধি জানান,  জেলায় পুলিশ জেএমবি সদস্য ও অর্র্থ যোগানদাতা সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানা  পুলিশ শুক্রবার রাতে লষ্করপুর গ্রাম থেকে চঞ্চল ওরফে সেলিম (৩০) নামে এক ব্যক্তিকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জঙ্গিদের অর্থ সহায়তা দেওয়ার অভিযোগ রয়েছে।

বছর খানেক আগে চঞ্চলের ছোট ভাই জঙ্গি নেতা প্রবাল পুলিশোর হাতে গ্রেফতার হয়। কিন্তু পর্যাপ্ত তথ্য ও প্রমাণের অভাবে প্রবাল বেঁচে যায়।

পরবর্তীতে ১৭ আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলার জন্যে তাকে অভিযুক্ত করা হয় এবং প্রবালসহ মোট আটজনকে আসামি করে সে মামলার চার্জশিট দাখিল করা হয়। তবে ১৭ আগস্টের পর থেকে প্রবাল গা ঢাকা দিয়ে আছে।

এছাড়া শুক্রবার রাতেই পুলিশ শহরের দক্ষিণ নড়াইলের আজিজুর রহমানের ছেছে সাঈদুর রহমানকে (২৮) জেএমবি সন্দেহে আটক করে।

বিডিনিউজের বাগেরহাট প্রতিনিধি জানান, জেলার মোড়েলগঞ্জে জেএমবি সন্দেহে এক মাদ্রাসা ছাত্রকে আটক করা হয়েছে। মোড়েলগঞ্জ থানা পুলিশ রবিবার সকালে বাগেরহাট --পিরোজপুর সীমান্তের মহিষপুরা এলাকা থেকে আবু হাসান (২০) নামের এই সন্দেহভাজন জেএমবি সদস্যকে আটক করে।

পুলিশ জানায়, সন্দেহ জনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়। পুলিশের হাতে আটক আবু হাসান পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার মো: সিদ্দিক শেখের পুত্র।

গাজিপুর প্রতিনিধি জানান, জেলায় জেএমবি সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এদিকে বিডিনিউজের নারায়নগঞ্জ প্রতিনিধি জানান,  জেলার ফতুল্লা থানার পূর্ব রসুলপুরের নিউমডেল কিন্ডারগার্টেনের পেছনের মাঠ থেকে রোববার র‌্যাব সদস্যরা বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে।

এলাকাবাসী জানায়, সকাল সোয়া ৯টার দিকে ওই স্কুলের পেছনের মাঠে একটি মিষ্টির প্যাকেটের পাশে লাল স্কচটেপ পেঁচানো ডেটোনেটরসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে জনৈক ব্যক্তি পুলিশে খবর দেয়। পরে র‌্যাব এবং পুলিশ যৌথভাবে সকাল ১০টার দিকে বস্তুটি স্কুল প্রাঙ্গণ থেকে উদ্ধার করে।

বোমার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকায় আতংক দেখা দেয়।

পরে র‌্যাব জানায়, উদ্ধারকৃত বস্তুটি বোমা নয়। আতঙ্ক সৃষ্টির জন্যে কেউ এ ধরনের কাজ করে থাকতে পারে বলে তাদের সন্দেহ।