যথাযোগ্য মর্যাদায় বেনিন ট্রাজেডির দ্বিতীয় বর্ষপূর্তী পালিত
দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় রোববার বেনিন ট্রাজেডির দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে। বাংলাদেশ সেনা বাহিনীর ১৫ জন কর্মকর্তা জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে নিয়োজিত অবস্থায় পশ্চিম আফ্রিকান দেশ বেনিনে ২০০৩ সালের এই দিনে এক বিমান দূর্ঘটনায় নিহত হন।
ওই শহীদের আত্মত্যাগের স্মরণে রিদম সাংস্কৃতিক সংঘ রোববার সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে শোকসভার আয়োজন করে। জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে নিয়োজিত ঐ ১৫ সেনা কর্মকর্তার অবদান স্মরণ করে শোকসভায় বক্তারা বলেন, সেনা কর্মকর্তারা তাদের জীবন দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি বিশেষভাবে বৃদ্ধি করেছে।
পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), সাবেক সেনা প্রধান লেফটেনেন্ট জেনারেল (অব.) এম আতিকুর রহমান চৌধুরী, সেনা কল্যান সংস্থার সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরী, প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল আনাম খান (অব.), ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন (অব.), জাতিসংঘের উপদেষ্টা এনআই খান, রোটারিয়ান ফেরদৌস আলী এবং রিদম সাংস্কৃতিক সংঘের সভাপতি মেজর আমিন আহমেদ আফসারী (অব.) অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
জাতীয় সংগীত ও বেনিনে নিহতদের স্বরনে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। ব্রিগেডিয়ার শহিদুল আনাম খান অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করেন।
আলোচনা সভায় বক্তারা শান্তিরক্ষা কার্যক্রমে বেনিনে নিহতদের স্মরণে একটি স্মৃতি ফলক নির্মানের দাবি জানালে অনুষ্ঠানে উপস্থিত পানি সম্পদ মন্ত্রী এ জন্য রিদম সাংস্কৃতিক সংঘ ও নিহতদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর নিকট আবেদন করতে বলেন।
