২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে র‌্যাবের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রোববার ভোরে র‌্যাবের ক্রসফায়ারে এক দুর্ধর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 09:32 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

নিহত সন্ত্রাসীর নাম নান্টু (৩০)। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-৬ বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নান্টুকে গ্রেপ্তার করে বরিশাল র‌্যাব ৮-এর কাছে হস্তান্তর করে। নান্টু র‌্যাবের কাছে তার সহযোগী এবং অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।

নান্টুর দেয়া স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারের জন্য র‌্যাব তাকে নিয়ে বাকেরগঞ্জের পশ্চিম নালুয়া গ্রামে পৌঁছলে তার সহযোগিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় নান্টু পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় র‌্যাবের সার্জেন্ট মোস্তফা ও কনস্টেবল হারুন গুলিবিদ্ধ হয়।

ঘটনাস্থল থেকে র‌্যাব একটি বন্দুক, একটি পাইপ গান, তিন রাউন্ড বন্দুকের গুলি, এক রাউন্ড শটগানের গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

র‌্যাব জানায়, নান্টুর বিরুদ্ধে তিনটি হত্যাসহ ১৩টি মামলা রয়েছে।

তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম কলসকাঠী গ্রামে।