ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত ১৫
ঝালকাঠিতে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় শিক্ষা কর্মকর্তা ও ব্যাংক ম্যানেজারসহ ঘটনাস্থলেই তিনজন নিহত এবং ১৫জন আহত হয়েছে।
পুলিশ জানায়, ভাণ্ডারিয়া থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা--জ ৩১০৮) ঝালকাঠির কানুদাসকাঠিতে পৌঁছানোর পর চাকা ফেটে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলো, ভাণ্ডারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী আব্দুস সালাম (৫২), জিয়ানগর রূপালী ব্যাংকের ম্যানেজার আবু তাহের তালুকদার (৩৫) এবং কাঁঠালিয়ার বাঁশবুনিয়ার তণুশ্রী (২৬)।
আহতদের ভাণ্ডারিয়া সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
দুর্ঘটনার পরপরই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
